রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে ঢাকায় তিন দিনের অনুষ্ঠান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশে ও ভারতের যৌথ উদ্যোগে ঢাকায় তিন দিনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমী সভাকক্ষে এ উপলক্ষে তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এই অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়েছে।বৈঠকে জানানো হয়, এ উপলক্ষে আগামী ৬ মে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিন দিনের মূল অনুষ্ঠান হবে ৬, ৭ ও ৮ মে। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের পর সারা বছর ধরে বাংলাদেশ ও ভারতের রবীন্দ্র-স্মৃতিবিজড়িত স্থানের পাশাপাশি নানা জায়গায় রবীন্দ্রবিষয়ক অনুষ্ঠান চলতে থাকবে।আগামী ৭ মে দিল্লিতে অনুষ্ঠেয় ভারতের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দুটি অনুষ্ঠানেই আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত থাকবেন।সভায় আরও জানানো হয়, বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে ৭ এপ্রিল নয়াদিল্লিতে দুই দেশের সংস্কৃতিসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও ভারতের সংস্কৃতিসচিব জহর সরকার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। উভয় দেশের সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও ভারতে যৌথভাবে ব্যাপক আয়োজনে পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী। বৈঠকে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুন, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকেরা উপস্থিত ছিলেন। বাসস।