বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ থেকে শুরু হচ্ছে ‘দুই বাংলার রবীন্দ্র নাট্যমেলা’। সপ্তাহব্যাপী এই আয়োজন করেছে প্রাঙ্গণেমোর। এই উৎসব নিয়ে কথা হলো প্রাঙ্গণেমোরের প্রধান অনন্ত হিরার সঙ্গে।শুধু রবীন্দ্রনাথের নাটক নিয়ে উৎসব করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমাদের প্রাঙ্গণেমোর দলটির শুরু হয়েছিল সাত বছর আগে। তখন ঘোষণা দিয়েছিলাম, আমরা নিয়মিত রবীন্দ্রনাথের নাটকের চর্চা করব। এ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথের তিনটি নাটক মঞ্চে এনেছি—শ্যামা প্রেম, স্বদেশী ও রক্তকরবী। আমরা বিশ্বাস করি, বাঙালি নাট্যচর্চার প্রধান অবলম্বন হতে পারে রবীন্দ্রনাথের নাটক। দেশে ও দেশের বাইরে এই চর্চাকে ছড়িয়ে দিতে এবং এ ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করতে আমরা ২০০৯ সালে প্রথম রবীন্দ্র নাট্যমেলার আয়োজন করি। এবার দ্বিতীয় আয়োজন।রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন করা হচ্ছে এ বছর।এই রবীন্দ্র নাট্যমেলা আয়োজনের অন্যতম কারণ হলো রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন। বাংলাদেশ ও ভারতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানাভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে। কিন্তু শুধু রবীন্দ্রনাথের নাটক নিয়ে এই দুই দেশে আর কোনো উৎসবের কথা আমার জানা নেই। সেই দিকটি বিবেচনা করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের যে নাটকের দলগুলো রবীন্দ্রনাথের নাটকের চর্চা করছে, তাদের এক জায়গায় আনতে চেয়েছি আমরা। এবারের উৎসবে রবীন্দ্রনাথের ১৫টি নাটকের প্রদর্শনী হবে।পশ্চিমবঙ্গ থেকে আসা নাটকগুলোর ব্যাপারে কিছু বলুন।ভারতের পশ্চিমবঙ্গের দলগুলোর সঙ্গে এক বছর আগে যোগাযোগ করেছি। তাদের নতুন নাটক করার জন্য অনুরোধ করেছিলাম। পশ্চিমবঙ্গ থেকে এসেছে তিনটি নাটকের দল—নয়ে নাটুয়া, ঋত্বিক ও রঙ্গকর্মী। তারা চারটি নাটকের প্রদর্শনী করবে। মজার ব্যাপার হলো, সব কটি নাটকেরই উদ্বোধনী প্রদর্শনী হবে এই নাট্যমেলায়। এ ছাড়া নাট্যমেলায় আরও থাকছে বাংলাদেশের প্রাঙ্গণেমোর, লোক নাট্যদল, পালাকার, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট, স্বপ্নদল, চট্টগ্রামের ফেইম স্কুল অব ড্রামা, বরিশালের শব্দাবলী থিয়েটার ও হবিগঞ্জের জীবন সংকেতের নাটক। নাটক ছাড়া আর কিছু থাকছে?জাতীয় নাট্যশালার তিনটি হলে ১৫টি নাটকের প্রদর্শনী হবে। প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা সাতটায়। এ ছাড়া জাতীয় নাট্যশালার প্রাঙ্গণে বিকেল সাড়ে পাঁচটা থেকে গান, আবৃত্তি, নাচ ও বিভিন্ন নাটকের দলের পরিবেশনা থাকবে। আমরা এই নাট্যমেলাকে উৎসবে রূপ দিতে চেয়েছি। বিনোদন প্রতিবেদক