রবীন্দ্রভারতীতে কবিগুরুর পদ্মা বোটের রেপ্লিকা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবাহী পদ্মা বোটের রেপ্লিকা তুলে দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বুধবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে পদ্মার বোটের রেপ্লিকাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ। রবীন্দ্রনাথের স্মৃতিবাহী পদ্মার বোটের এই রেপ্লি¬কাটি সংগ্রহশালায় রেখে দিতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতীর পক্ষ থেকে ২০১০ সালে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়। একই সঙ্গে কবিগুরুর ব্যবহূত স্মারক, ছবি ও তথ্য চাওয়া হয়েছিল। সেই চিঠির অনুরোধে সাড়া দিয়ে কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের জন্য পদ্মা ও চপলা বোটের দুটি রেপ্লিকা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য পদ্মা বোটের একটি রেপ্লিকা পাঠায় বাংলাদেশ। আজ দুপুরে সেই তিনটি বোটের মধ্যে পদ্মা বোটের রেপ্লিকাটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তুলে দেওয়া হয়। বাকি রেপ্লিকা দুটি আজ সন্ধ্যায় তুলে দেওয়া হবে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হাতে।