রবীন্দ্রময় বৃষ্টিমুখর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোরের আলো ফোটার পরপরই হালকা চালের রিমঝিম বৃষ্টি। আষাঢ়ে তা অস্বাভাবিকও কিছু নয়। বিপত্তি হলো নগরবাসীর— কোথাও যেতে হলে যানবাহন পাওয়া নিয়ে।তবু কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা হয়েই যায়। সেভাবেই প্রায় সময়মতো রবীন্দ্রানুরাগীরা এসে পৌঁছালেন আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর সাড়ে নয়টায় শুরু হলো ‘রবীন্দ্রনাথ, এই সময়ে’ নামের দুই দিনের সেমিনার। শনিবার প্রথম দিনে উদ্বোধনীসহ চারটি অধিবেশন। প্রথম আলো ও ব্র্যাক ব্যাংকের যৌথ আয়োজনে কবির সার্ধশততম জন্মবার্ষিকীর এই আয়োজনে গানে, আলোচনায় রবীন্দ্রময় হয়ে উঠেছিল সারা দিন। বাইরে সেই বৃষ্টিও ছিল সারা দিন। বাংলার বর্ষায় মুগ্ধ ছিলেন কবি। তাঁকে নিয়ে আয়োজনে এই বাদলধারাও যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছিল।রবীন্দ্রনাথের কথাসাহিত্যপ্রথম সেমিনারটি ছিল রবীন্দ্রনাথের কথাসাহিত্য নিয়ে। সভাপতি বিশিষ্ট কথাশিল্পী হাসান আজিজুল হক। সেমিনারগুলোর লক্ষ্য ছিল বর্তমানে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার অনুসন্ধান।প্রবন্ধ পড়লেন কথাশিল্পী ওয়াসি আহমেদ। তিনি বললেন, রবীন্দ্রনাথকে খণ্ডিত করে গল্প-উপন্যাসের রচয়িতা বলে গণ্য করলেও তাঁর কথাসাহিত্যিক পরিচয়ের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে তর্কের অবকাশ থাকে না। বাংলা সাহিত্যের উজ্জ্বল ছোটগল্প শাখাটির তিনিই জনক। গল্পকার রবীন্দ্রনাথ রচনার তীব্র বেগে যেমন আবিষ্ট, তেমনি মুক্ত স্বাধীন, পাঠক-হূদয়ের কাছাকাছি। তবে ছোটগল্পের স্বতঃস্ফূর্ততা নিয়ে তিনি উপন্যাস লেখেননি। ঔপন্যাসিক রবীন্দ্রনাথের প্রায় সার্বক্ষণিক সহচর এক দ্বন্দ্বমুখর অনিশ্চয়তা, যার নাম সংশয়। তিনি সংশয়ের পথ বেয়ে বিশ্লেষণের জন্য নিজেকে প্রস্তুত করেও নিজের দার্শনিক-পূর্ব সিদ্ধান্তকে অনেক ক্ষেত্রেই অতিক্রম করতে পারেননি। ফলে উপন্যাসে বৃত্ত ভেঙে এগোনোর পথ অনেকটাই রুদ্ধ।আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মুহিবুল আজিজ বললেন, কবিতায় রবীন্দ্রনাথকে যতটা রহস্যময় মনে হয়, কথাসাহিত্যে তিনি অনেক স্পষ্ট। তাঁকে কাছের মানুষ মনে হয়। তিনি সারা জীবন ছিলেন ঔপনিবেশিক লেখক। সে কারণে তাঁর ওপর একটা চাপ ছিল। সে চাপ তাঁর সমকালীন পশ্চিমা লেখকদের ছিল না। তাঁর মূল্যায়ন করতে গেলে এই বিষয়টি বিবেচনা করতে হবে। স্থানীয় বাস্তবতাকে তিনি আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে একটি দাঁড়ানোর জায়গা তৈরি করতে চেয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ জীবন-জগৎকে দেখার ক্ষেত্রে নানা প্রশ্নের মুখে পড়েছেন। বিষয়, আঙ্গিক, ভাবনায় বিচিত্র পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আধুনিক কালের লেখকেরাও তা অব্যাহত রেখেছেন। তাঁকে বিচ্ছিন্নভাবে না দেখে সম্যকভাবে বিচার করতে হবে।প্রথম আলোর উপসম্পাদক কথাশিল্পী আনিসুল হক বলেন, রবীন্দ্রনাথের রসবোধ ছিল অসাধারণ। তাঁর প্রতিটি রচনায় এর অসাধারণ দৃষ্টান্ত রয়ে গেছে। কখনো মনে হয় সুরুচিসম্পন্ন সরস বাক্য ছাড়া তিনি যেন লিখতেই পারতেন না। বেশ কিছু উদাহরণ দিয়ে আনিসুল হক বলেন, ‘তিনি আমাদের গল্প পড়তে শিখিয়েছেন। পশ্চিমা লেখকেরা তৈরি ভাষা পেয়েছেন। রবীন্দ্রনাথকে এগিয়ে যাওয়ার জন্য ভাষা তৈরি করে নিতে হয়েছে। সেই ভাষাতেই আমরা লিখছি। রবীন্দ্রনাথ তাঁর এই ভাষাভঙ্গির জন্যও বেঁচে থাকবেন।’সভাপতির বক্তব্যে হাসান আজিজুল হকও একটি সরস বাগ্ভঙ্গিতে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সাহিত্যক্ষেত্রে চূড়ান্তভাবে নিষ্পত্তিযোগ্য কিছু নেই। সত্যেরও যেমন নির্ধারিত রূপ নেই, মিথ্যারও নেই। দুটোই নড়াচড়া করছে। আসল কথা হলো নিজেদের রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া। অন্যের মূল্যায়নের প্রতি নির্ভর না করে নিজে অনুসন্ধান করা। তাঁকে পড়া। সেখান থেকেই নিজের মতো করে গ্রহণ বা বর্জন করা। আরেকজন বুঝিয়ে দেবে, তাতে সন্তুষ্ট হতে হবে এমন কথা নেই; তা সব সময় হওয়াও যায় না। রবীন্দ্রনাথকে নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। আলোচনা করে তিনি বড় কি ছোট, প্রমাণ করে লাভ নেই। আমাদের ভেতরের সব দেয়াল ভেঙে তাঁর কাছে ফিরতেই হবে। পুরো সেমিনারের সঞ্চালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।রবীন্দ্রনাথের কবিতাঅধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কবিতা বিষয়ে দ্বিতীয় সেমিনার। প্রবন্ধ লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তবে তিনি আসতে পারেননি। পড়েছেন মাহমুদা আক্তার। প্রবন্ধে তিনি রবীন্দ্রনাথকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, রবীন্দ্রনাথের কবিতাকে তিনি সমীহ করেন, সেই কাব্যসমুদ্র থেকে কোনো মৎস্য আহরণ করেন না। তিনি তাঁর কবিতা থেকে সংকেত পান এবং এর কারিগরি দিক ব্যবহারযোগ্য বলে মনে করেন।আলোচনায় এই মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন কবি খোন্দকার আশরাফ হোসেন। তিনি বলেন, রবীন্দ্রকাব্যের প্রকরণ নয়, বরং আধুনিক কালে তাঁর ভাবনাই প্রাসঙ্গিক। এবং সেখান থেকেই গ্রহণযোগ্য বিষয় রয়েছে। কারণ, রবীন্দ্রনাথের ছন্দ ও প্রকরণ আধুনিক কালের কবিদের কাছে ব্যবহারযোগ্য বলে বিবেচিত হচ্ছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেছেন, রবিশস্য থেকে কে কী সংগ্রহ করবে, তা নির্ভর করবে গ্রহীতার রুচি ও আকাঙ্ক্ষার ওপর। সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ এখন আরও অনেক বেশি প্রাসঙ্গিক।কবি নির্মলেন্দু গুণ আলোচনায় ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ করে জানান, নিজের প্রথম তিনটি কাব্যগ্রন্থের পর নানাভাবে রবীন্দ্রনাথ তাঁকে প্রভাবিত করেছেন। তিনি বলেন, ‘যখন যে সুন্দর চিত্রকল্প পাই, তার মধ্যেই রবীন্দ্রনাথের উপস্থিতি রয়ে যায়। সমকালীনতার বিচারে সমসময়ের কবিরা প্রধান হন বটে, তবে চিরকালীনতার বিচারে তিনি শ্রেষ্ঠ।’সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘চিরায়ত সাহিত্যের স্রষ্টা হিসেবে তাঁর অবস্থান কতটা মজবুত, তা মূল্যায়ন করব। সাহিত্যের ধর্ম পরিবর্তনশীলতা, অগ্রসরমাণতা। মৃত্যুর ৭০ বছর পরও তিনি মিথ্যা হয়ে যাননি। আমরা তাঁর মতো করে লিখব না বটে, তবে তাঁর থেকে মুখ ফিরিয়েও নিতে পারব না। কারণ, চিরায়ত সাহিত্য থেকে মুখ ফিরিয়ে বেশি দূর যাওয়া যায় না। শুধু কবি হিসেবেই নয়, সাধারণ পাঠক হিসেবেও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে, যা তিনি দিয়েছেন তার জন্য।’ মধ্যাহ্নভোজের বিরতি ছিল এই দুটি সেমিনারের পর।রবীন্দ্রনাথের গান‘তাঁর গান তো আমাদের জাতীয় সংগীত। সে তো আছেই। বাংলার সংগীতকে আধুনিকায়নও করেছেন তিনি’—এমন মন্তব্য করেছেন আলোচকেরা। তৃতীয় সেমিনারটি ছিল গান নিয়ে। সভাপতিত্ব করেন অধ্যাপক করুণাময় গোস্বামী। মৃদুলকান্তি চক্রবর্তী তাঁর প্রবন্ধে বলেন, ‘ঋতুর রূপকল্প, অনুষ্ঠান, ব্যক্তিগত অনুভবের প্রকাশ—সর্বত্রই তাঁর গান আমাদের মনে পড়ে। পরাধীনতার শৃঙ্খল-মোচনেও তাঁর গানের ভূমিকা ব্যাপক। বিশ্বসভায় বাংলা গানের মাধুর্য-মহত্ত্ব স্মরণ করিয়ে দেওয়া যায় তাঁর গানের ঝরনাতলায়। বর্তমানে যেকোনো উৎসব-অনুষ্ঠানে এমনকি মুঠোফোনের ওয়েলকাম বা রিংটোনেও তাঁর গান ব্যবহূত হচ্ছে। বিচিত্র ধারায় তাঁর গানের চর্চা হচ্ছে।’আলোচনায় শিল্পী সাদি মহম্মদ রবীন্দ্রনাথের গান শেখানোর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘অনেকেই তাঁর স্বরলিপি বুঝতে চাই না। উচ্চারণ শুদ্ধ হয় না। এগুলো জরুরি।’বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক শিল্পী লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘বাঙালি জাতীয়তাবোধের চেতনা জাগাতে গানের মধ্য দিয়ে তিনি আমাদের ছুঁয়ে গেছেন। আমরা নতুন প্রজন্মের কাছে তাঁকে চেনাতে পারিনি।’শিল্পী অদিতি মহসিন বলেন, বাঙালির জীবনের নানা উপলক্ষ ও বোধকে তিনি গানে স্পর্শ করেছেন। সুরের ক্ষেত্রে যেখানে যা ভালো মনে করেছেন, তা আত্মস্থ করে নিজের মতো করে প্রয়োগ করেছেন।সভাপতির বক্তব্যে করুণাময় গোস্বামী বলেন, হিন্দুস্তানি রাগসংগীতের কড়াকড়ি থেকে বের করে এনে তিনি বাংলা গানকে আধুনিক করে তুলেছিলেন। সুরের সাহায্যে অন্তরের বোধকে তিনি ধ্বনিত করে তুলেছেন। তাঁর গানের ভাষা ঝরঝরে, সমকালীন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গানের শ্রোতাও বাড়তে থাকবে।রবীন্দ্রনাথের চিত্রকলাশেষের সেমিনারটি ছিল চিত্রকলা নিয়ে। এটি ছিল ব্যতিক্রমী। সভাপতি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। শিল্পী আবুল মনসুর তাঁর নির্ধারিত প্রবন্ধটি না পড়ে প্রজেক্টরে রবীন্দ্রনাথের আঁকা এবং তাঁর সমকালে ভারত ও ইউরোপীয় বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন করে আলোচনা করেন। তুলে ধরেন রবীন্দ্র চিত্রকলার বৈশিষ্ট্য। লেখালেখির কাটাকুটি থেকে কবির চিত্রকলার চর্চা। প্রথম প্রদর্শনী হয়েছিল প্যারিসে ১৯৩০ সালে। প্রায় ৭০ বছর বয়সে চিত্রকলার চর্চা শুরু করেছিলেন তিনি। তাঁর ছবিতে বিচিত্র প্রাণীর আদল, মানুষের অবয়ব, নিসর্গচিত্র, রঙের ব্যবহার—এসব নিয়ে বিশ্লেষণ করছেন তিনি।আলোচনায় শিল্পী মুস্তাফা মনোয়ার বলেছেন, পরিপূর্ণ নান্দনিক বোধ নিয়েই তিনি ছবি আঁকা শুরু করেছিলেন। সাহিত্যের সঙ্গে তাঁর ছবির সম্পর্ক রয়েছে। চিত্রকলার ব্যাপারে তিনি কোনো ঐতিহ্যের অনুসরণ করেননি। তিনি ছবির কোনো নামও দেননি। দর্শকেরা ছবি দেখে নিজের মতো করে ভাববে, আনন্দ উপভোগ করবে—এটাই চেয়েছিলেন তিনি।শিল্পী নিসার হোসেন বলেন, ‘তাঁর ছবির অল্প কিছু আমরা দেখেছি। বহু ছবি অপ্রকাশিত রয়ে গেছে। কাজেই তাঁর চিত্রকলা নিয়ে চূড়ান্ত করে কিছু বলার সময় এখনো আসেনি।’শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, তাঁর ছবিতে জীবনের সম্মুখীন হওয়ার ভীতি ও বিহ্বলতার প্রকাশ ঘটেছে।আজ দ্বিতীয় দিনে চারটি সেমিনার হবে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রবিবেচনায় মনুষ্যত্বের দায়, জাতিভাবনা ও শিক্ষাভাবনা বিষয়ে। সকাল ১০টায় শুরু হবে অধিবেশন।