রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জাতীয় অধিবেশন শুরু যশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংকোচের বিহ্বলতায় নিজেরই অপমান/ সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ...।’ সহস্র কণ্ঠে গাওয়া এই রবীন্দ্রসংগীতের মাধ্যমে উছলে ওঠে প্রাণের উচ্ছ্বাস। আত্মবিশ্বাসে বলীয়ান হওয়ার এই গানের মাধ্যমে উদ্বোধন করা হয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ২৯তম জাতীয় অধিবেশন।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) শুরু হয় তিন দিনব্যাপী এই অনুষ্ঠান। মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহীর প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতসাধক অমরেশ রায় চৌধুরী। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সুরে নৃত্যশিল্পীরা মঙ্গলপ্রদীপ নিয়ে সবার মঙ্গল কামনা করেন।অনুষ্ঠানে অমরেশ রায় চৌধুরী বলেন, ‘পৃথিবী যত দিন থাকবে, রবীন্দ্রনাথও তাঁর সৃষ্টি ও কর্মের জন্য তত দিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘একুশে পদক পাওয়া আমার কাছে যত না সম্মানের, এ অনুষ্ঠানের উদ্বোধন করার সম্মান তার চেয়েও বেশি।’সভাপতির বক্তব্যে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘সংস্কৃিতমনা মানুষের পুণ্যভূমি যশোর, যেখানে সবাই কবিতা চর্চা করেন। আর যাঁকে ঘিরে আমাদের সমগ্র চিন্তা-চেতনা ও সংস্কৃতির বিকাশ, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক সুকুমার দাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন শ্রাবণী সুর। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সন্জীদা খাতুন ও সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবদুস সাত্তার।রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে আঁকা শতাধিক চিত্রকলার প্রতিলিপি প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি বলেন, ‘শুধু শিল্প-সাহিত্যে নয়, চিত্রকলায়ও রবীন্দ্রনাথ ছিলেন অনন্য। কথার জাদুকর হয়েও রবীন্দ্রনাথ তাঁর কোনো চিত্রের নামকরণ করেননি। দর্শক তাঁর ইচ্ছামতো যে নামটি বসিয়ে নেন, সেটিই হয় শ্রেষ্ঠ নামকরণ।’অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৫০ জন শিল্পী ও প্রতিনিধিদের কপালে আবিরের ফোঁটা ও ফুল দিয়ে বরণ করা হয়। সন্ধ্যায় দ্বিতীয় পর্বে প্রদীপ প্রজ্বলন, রবিরশ্মির ওপর আলোচনা, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।আজ সকাল ১০টায় প্রথম পর্বের প্রীতি সম্মেলন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান যশোরের টাউন হল মাঠেই হবে।