রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্র আর নেই
উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্র আর নেই। গতকাল সোমবার দুপুরে তিনি তাঁর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।সুচিত্রা মিত্র ১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই তাঁর ঝোঁক ছিল রবীন্দ্রসংগীতের প্রতি। তাঁর প্রথম সংগীতগুরু ছিলেন পংকজ মল্লিক। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও সাহচর্য লাভ করেছিলেন।প্রবাদপ্রতিম এই রবীন্দ্রসংগীতশিল্পী ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান। ১৯৮৪ সালে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। তাঁর সাড়ে চার শর বেশি রবীন্দ্রসংগীতের রেকর্ড বের হয়েছে।সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সুচিত্রা মিত্র ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আলাউদ্দিন পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। এ ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডি-লিট ডিগ্রি পেয়েছেন।সুচিত্রা মিত্রের মৃত্যুতে পশ্চিমবঙ্গের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানট তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।