রবীন্দ্রসরোবর, দেশ টিভি ও এবিসিতে ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’
১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। সেই কনসার্টের আয়োজক এবং এতে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের সবাইকে সম্মান জানাতে প্রথম আলো আজ আয়োজন করেছে ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। সহযোগিতা করেছে এবিসি রেডিও। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। দুই ঘণ্টার এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি এবং এবিসি রেডিও। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সেই ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কনসার্টের নয়টি গান পরিবেশন করবেন এ দেশের শিল্পীরা। কনসার্টের শুরুতে থাকছে সুরের ধারার পরিবেশনায় জাতীয় সংগীত আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা। মূল কনসার্ট নিয়ে দেখানো হবে একটি তথ্যচিত্র। কনসার্টে অংশ নিচ্ছেন মাহমুদুজ্জামান বাবু, শাহেদ, সুমন, বুনো, ওয়ার্দা, শারমীন রমা, চঞ্চল মাহমুদ, পাণ্ডু ব্লুমবার্গ, রুমন, পান্থ, জীবন, শুভ, রনি, রাজা। সংগীত পরিচালনায় থাকবেন ফয়সাল সিদ্দিকী বগি।