চারপাশের গাছপালায় নতুন পাতার সমাহার। তাতে যেন আদরের স্পর্শ বুলিয়ে দিয়ে যাচ্ছে শেষ বিকেলের রোদ। মাটিতে গাঢ় ছায়া। সেখানে অধীর আগ্রহে অপেক্ষায় শিশু-নর-নারী, অগণিত জন।ধানমন্ডি লেকের পাড়ে রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চ। রক্তিম সূর্যের দীপ্তিমান শিখার আদলে সাজানো। সংগীতজগতের দুই ভুবনবিখ্যাত শিল্পীর ছবি ছাপানো নেপথ্যের ব্যানারে। পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। তাঁরা ৪০ বছর আগে আমাদের মহান মুক্তিযুদ্ধের সহায়তায় যে কনসার্টের আয়োজন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই কনসার্টের স্মরণেই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। সেই কারণে শুধু গান শোনা নয়, এক অন্য আবেগ নিয়ে এই অনুষ্ঠানে এসেছিলেন দর্শক-শ্রোতারা গতকাল শুক্রবার ছুটির দিনের বিকেলে। ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো। সহায়তা করেছে এবিসি রেডিও এবং দেশ টিভি।দর্শক-শ্রোতাদের স্বাগত জানিয়ে এই আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। তিনি জানান, স্বাধীনতা ও মহান বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত বছর থেকে প্রথম আলো বছরব্যাপী নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আয়োজনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ই ছিল তহবিল সংগ্রহের জন্য আয়োজিত পৃথিবীর প্রথম কনসার্ট। আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা দিতে এগিয়ে আসা শিল্পীদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কনসার্ট ফর বাংলাদেশে কিছু গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং ওই কনসার্ট অবলম্বনে নির্মিত একটি তথ্যচিত্রও পরিবেশিত হবে বলে তিনি জানালেন।মূল অনুষ্ঠান শুরু হয় সুরের ধারার শিল্পীদের পরিবেশিত জাতীয় সংগীত দিয়ে। এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করলেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’। এতে অংশ নেন সুজেয় শ্যাম, তপন মাহমুদ, তিমির নন্দী, দেবু চৌধুরী, বুলবুল মহলানবীশ, শাহীন সামাদ, মালা খুররম, রূপা ফরহাদ, ডালিয়া নওশীন ও মিলিয়া আলী। তাঁরা নতুন প্রজন্মের শ্রোতা-দর্শকদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।এই পর্যায়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আমাদের মুক্তিযুদ্ধে বিদেশিদের অংশগ্রহণ, বিশ্বজনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধের সহায়ক তহবিল সংগ্রহে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। পণ্ডিত রবিশঙ্কর বিদেশি পত্রপত্রিকায় প্রকাশিত আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক সংবাদগুলো সংগ্রহ করে তাঁর শিষ্য ও বন্ধু বিটলসের বিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসনকে দেখিয়ে কিছু করা যায় কি না, সে ব্যাপারে তাঁকে বলেছিলেন। বিটলস তখন ভেঙে গেছে। তা সত্ত্বেও জর্জ হ্যারিসন উদ্যোগ নিয়ে এই কনসার্টের আয়োজন করেন। ওই কনসার্ট থেকে পাওয়া দুই লাখ ৭৫ হাজার ডলার দেওয়া হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের তহবিলে। পরে ওই কনসার্টের এলপি ও ডিভিডি প্রকাশ করা হয়। এ থেকে যে আয় হয়, তা এখনো আমাদের দেশের শিশুদের উন্নয়নে ব্যয় করা হচ্ছে। অনেক দেরিতে হলেও আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই মহান শিল্পীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাই।গান শুরুর পর দর্শকের সংখ্যাও বেড়ে গিয়েছিল। উন্মুক্ত মঞ্চের সামনের চত্বর ছাড়িয়ে শ্রোতার ভিড় ৮ নম্বর সড়কসংলগ্ন লেকের দুই পাশের ছড়িয়ে পড়ে। এবিসি রেডিও এবং দেশ টিভি এই বিশেষ আয়োজন সরাসরি সম্প্রচার করছিল। এ ছাড়া প্রথম আলো অনলাইনেও প্রচার করা হচ্ছিল অনুষ্ঠানটি। তাই দেশের বাইরের শ্রোতারাও এটি উপভোগ করতে পেরেছিলেন।জোয়ান বায়াজের ‘সং অব বাংলাদেশ’ দিয়ে গানের পর্ব শুরু করেন ওয়ার্দা। পরে বাংলা ভাষান্তর করা এই গান গেয়ে শোনান মাহমুদুজ্জামান বাবু। বিষাদমাখা গানটিতে উঠে এসেছে ২৫ মার্চ রাতে নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদারদের বর্বর আক্রমণের কথা; এসেছে গণহত্যা, রক্তের স্রোত, শরণার্থী শিবিরে আশ্রিত মানুষের ব্যথা-বেদনার আর্তি, ‘বাংলাদেশ/ অস্তাচলে যেখানে দিন শেষ/ লাখো প্রাণের রক্তে রাঙা দেশ...’। সেই বিষণ্ন সুর, শেষ বেলার ঘনিয়ে আসা আঁধার শ্রোতাদেরও অন্তরে জাগিয়ে তুলেছিল চার দশক আগের সেই রক্তাক্ত দিনের বেদনা।এরপর আসাদুজ্জামান নূর আবৃত্তি করে শোনান নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’। বব ডিলানের গাওয়া ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ গেয়ে শোনান শাহেদ, জর্জ হ্যারিসনের ‘হিয়ার কামস দ্য সান’ শোনান শারমীন রমা, রুমন পরিবেশন করেন মিক জ্যাগার ও কিথ রিচার্ডসের ‘জাম্পিং জ্যাক ফ্ল্যাশ’, চঞ্চল মাহমুদ পরিবেশন করেন বব ডিলানের ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’।প্রতিটি গানের পরেই শ্রোতারা বিপুল হর্ষধ্বনি দিয়ে পরের গানটির জন্য অনুরোধ করছিলেন। তবে জজ হ্যারিসনের ‘হোয়াইল মাই গিটার’ গানটি এবং এর সঙ্গে গিটারের অসাধারণ সুর-ঝংকারে শ্রোতাদের একেবারে মাতিয়ে দিলেন পান্ডু ব্লুমবার্গ। গানের সঙ্গে শ্রোতারা তখন নাচছেন। ফয়সল সিদ্দিক বগি শোনালেন জর্জ হ্যারিসনের ‘সামথিং’। ‘মাই সুইট লাভ’ পরিবেশন করলেন সুমন। শেষে সবাই মিলে গেয়ে শোনান সেই কালজয়ী গান ‘বাংলাদেশ বাংলাদেশ’, সঙ্গে কণ্ঠ মেলান শ্রোতারাও। আয়োজন শেষ হলো কনসার্ট ফর বাংলাদেশ অবলম্বনে নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী দিয়ে।