রবীন্দ্রসরোবরে গানে গানে তারুণ্যের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি বিনে আকুল পরান থাকতে চায় না ঘরে রে/ আমি এই মিনতি করি রে/ সোনা বন্ধু ভুইলো না আমারে’—বাউলসম্রাট শাহ আবদুল করিমের গানটি ধরলেন কাজী শুভ। সঙ্গে সঙ্গে রবীন্দ্রসরোবরে উপস্থিত শত তরুণ-তরুণী কণ্ঠ মেলালেন তাঁর গানে। বাংলার লোকগানের আবেদন যে কতটা গভীর, সেটাই দেখা গেল এই শহুরে তারুণ্যের বিপুল উচ্ছ্বাসে। গতকাল সোমবার স্বাধীনতার ৪০ বছর পূর্তি এবং দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী ও রেডিও চিটাগাংয়ের উদ্বোধন উপলক্ষে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।২০০৩ সালে চট্টগ্রাম থেকে আসা কয়েকজন তরুণ গড়ে তোলেন ব্যান্ডদল ‘দূরবীন’। এরপর একে একে কেটে গেছে আটটি বছর। এই পথচলায় দলের সদস্য কাজী শুভ, সৈয়দ শহীদুল ইসলাম ও আরেফিন রুমীর এককসহ ব্যান্ডের বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। প্রতিটিই দেখা পায় সাফল্যের। মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে মনোনয়নসহ বেশ কিছু পুরস্কার জিতে নেয় দলটি।সোমবার ছিল ব্যান্ডদলটির জন্মদিন। দলের সদস্যরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। এ ছাড়া অনুষ্ঠানে উদ্বোধন করা হয় দূরবীনের নতুন অনলাইন রেডিও ‘রেডিও চিটাগাং’। ব্যান্ডতারকা নকীব খান এর উদ্বোধন করেন।হেমন্তের পড়ন্ত বিকেলে শুরু হয় গানের পালা। গায়ে মিষ্টি রোদ মেখে আগে থেকেই উপস্থিত ছিল অসংখ্য শ্রোতা। তাদের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়াতে প্রথমে মঞ্চে আসে ব্যান্ডদল ফ্রেড। তারা পরিবেশন করে ‘ভীষণ দরিয়ার ঢেউ’ ও ‘এসব দেখি কানার হাটবাজার’ গান দুটি। এরপর ব্যান্ডদল স্বাধীকার। তারা গেয়ে শোনায় ‘অশনী সংকেত’ ও ‘যুদ্ধ’। আয়োজক দূরবীন পরিবেশন করে ‘বাংলাদেশ’, ‘গর্জে ওঠো বাংলাদেশ’, ‘স্বপ্নডানায়’, ‘সোনাবউ শুনছনি’, ‘সোনা বন্ধু ভুইলো না আমারে’, সহ প্রায় ২০টি গান।