রবীন্দ্রসরোবরে রোববারের নাটক!
গত রোববারের ঘটনা। ঘড়িতে তখন সন্ধ্যা সাড়ে সাতটা। ধানমন্ডি লেকের পাড়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীও কমতে শুরু করেছে। কিন্তু রবীন্দ্রসরোবরে ভিন্ন চিত্র। সেখানে লোকের ভিড় বেড়েই চলেছে। এর কারণ আঁচ করা গেল সহজেই। সেখানে প্রজেক্টরের সাহায্যে নাটক দেখানো হচ্ছে। সবার দৃষ্টি নাটকের পর্দায়।নগরের উদ্যান কিংবা জনসমাগমের স্থানে চলচ্চিত্র, নাটক কিংবা জনসচেতনতামূলক তথ্যচিত্র দেখানোর বিষয়টি নতুন নয়। তবে রবীন্দ্রসরোবরে নাটক দেখানোর আয়োজনটি একটু ব্যতিক্রম। এখানে নাকি প্রতি রোববার সন্ধ্যায় একটি নাটক দেখানো হয়। এমনটা জানা গেল দর্শনার্থী শামীম আহমেদের কাছ থেকে। ধানমন্ডির এই বাসিন্দার ভাষ্য, ‘ধানমন্ডি লেকে মাঝেমধ্যেই বেড়াতে আসি। তবে এখন রোববার সন্ধ্যায় অবশ্যই আসি। এখানে লোকজনের ভিড়ে নাটক দেখে সময়টা ভালোই কাটে।’এভাবে রুটিন ধরে নাটক দেখাচ্ছেন কারা? প্রজেক্টর যাঁরা পরিচালনা করছিলেন, তাঁদের কাছে গিয়ে এমন প্রশ্ন করা হয়। তাঁরা জানালেন, এর উদ্যোক্তা মূলত মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান রবি। তাদের প্রচারণার অংশ হিসেবে নাটক দেখানো হচ্ছে। নাটকের মাঝে বিরতি দিয়ে প্রচারিত হয় রবির বিজ্ঞাপন।রবির পক্ষে নাটক দেখানোর আয়োজনটি করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইফা। এর কর্মী আল মাহাদী বলেন, ‘নাটক দেখানোর এই আয়োজন এক বছর চলবে। গত চার মাসে আমরা ১৫টি নাটক দেখিয়েছি। যে কেউ রোববার সন্ধ্যায় এসে নাটক দেখে যেতে পারেন।’—মিল্লাত হোসেন