রমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৪ আগস্ট থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে।এ ছাড়া কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানে ছুটি থাকবে ১৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মাদ্রাসায় ছুটি থাকবে ২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সব বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুসারে ছুটি পালন করবে।গতকাল রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান।শিক্ষা মন্ত্রণালয়ের এই ছুটির সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়গুলোর কোনো সম্পর্ক নেই। প্রাথমিক বিদ্যালয়ে ছুটির বিষয়ে নতুন কোনো ঘোষণাও দেওয়া হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবদুল আউয়াল মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে ১৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।