রমজান মাসে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। বিপণিবিতানগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টিকিট কালোবাজারিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল রোববার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে অস্থিরতার পেছনে মালিক-শ্রমিকের বাইরেও অন্য আরেকটি পক্ষ রয়েছে। পোশাকশিল্পের যেকোনো বিষয় মালিক-শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু এর বাইরেও কেউ কেউ নাশকতা করার অপচেষ্টা করছে।মতবিনিময়কালে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমান, কর্নেল জাহাঙ্গীর হোসেন, আইন ও গণসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাবের প্রতিটি ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।র্যাবের মহাপরিচালক বলেন, পোশাকশিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তার অনেকটাই এখন সমাধানের পথে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন স্বাভাবিক। তিনি বলেন, গত সাত মাসে মেয়েদের উত্ত্যক্ত, ভেজাল, অবৈধ অস্ত্র, জাল নোট, ভিওআইপি, ভিডিও পাইরেসি, চলচ্চিত্রে অশ্লীলতা ইত্যাদি ক্ষেত্রে র্যাব সফল অভিযান চালিয়েছে। এ ধরনের অপরাধ অনেকটা কমে এসেছে।হাসান মাহমুদ জানান, গত সাত মাসে ইভ টিজিংয়ের ঘটনায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সারা দেশে ৯৩০টি ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার কোটি ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জঙ্গি, চরমপন্থী, অস্ত্রধারী, চাঁদাবাজসহ সাড়ে ১৩ হাজার তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।সম্প্রতি ঢাকায় হরতাল চলাকালে বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় ঢুকে নারী-পুরুষদের নির্বিচারে মারধরের ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তবে হরতালের দিন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী র্যাব দায়িত্ব পালন করেছে।ক্রসফায়ার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে র্যাবের প্রধান বলেন, র্যাবের ওপর আক্রমণকারীদের প্রতিরোধ করার সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব আইনবহির্ভূতভাবে কিছুই করে না। বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম গুপ্তহত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে র্যাবের জড়িত থাকার কথাও শোনা যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক বলেন, র্যাব তাঁকে গ্রেপ্তার করেনি বলে নিশ্চিত হওয়া গেছে। তার পরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। র্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে তাঁর ব্যাপারে অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকে গ্রেপ্তারে পর চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে বলে র্যাবের পক্ষ থেকে যে তথ্য প্রচার করা হয়েছে, সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে তাদের অস্ত্র গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দাউদকান্দিতে র্যাব হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে র্যাবের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।মহাপরিচালক জানান, গত সাত মাসে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাবের ১২১ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৪৩ জনকে গুরুদণ্ড ও ৭৮ জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। গুরুদণ্ডের মধ্যে আছে চাকরিচ্যুতি, পদাবনতি ও জেল-জরিমানা। লঘুদণ্ড হচ্ছে, কারণ দর্শানো, তিরস্কার, সতর্ক করে দেওয়া ইত্যাদি।