রমজান মাসে এক কোটি মানুষ ভিজিএফ সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক জানিয়েছেন, রমজানের সময় এক কোটি দরিদ্র মানুষকে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যসহায়তা দেওয়া হবে। পাশাপাশি চালের দাম নিয়ন্ত্রণে রাখতে রমজান মাসের আগেই খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হবে।আজ শনিবার ‘দুর্যোগ মোকাবিলায় স্কাউটিং’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, রমজান মাস শুরু হওয়ার আগেই এসব কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হতে পারে। সরকার বিশেষ সহায়তা দেওয়ার জন্য ঢাকা শহরের গরিব মানষের একটি তালিকা তৈরি করেছে। তাদের জন্য ওএমএস বা স্বল্পমূল্যে চাল বিক্রি করা হবে। এতে রমজান মাসের বাজারদর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ঢাকা ছাড়া দেশের হাওর অঞ্চল ও বন্যাদুর্গত এলাকায় এসব কর্মসূচি চলবে বলে জানান তিনি।মন্ত্রী স্কাউট সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিয়ে বলেন, ‘অতীতে আমরা যা করতে পারিনি, তা যেন স্কাউট সদস্যরা করতে পারে, সে রকম প্রশিক্ষণ দিতে হবে। যেন তারা মানুষের কল্যাণে কাজে লাগে। এ সময় তিনি স্বাধীনতার স্বপ্নপূরণে স্কাউটদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।