রমজান মাসে চিনির দাম কমাতে শুল্ক প্রত্যাহার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনির দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে যাতে চিনির দাম আয়ত্তের মধ্যে থাকে, এ লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।রমজান মাস শুরুর আগেই চিনির দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে চলতি মাস থেকেই চিনির ওপর আরোপিত নির্ধারিত আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং টিসিবির বিক্রি করা চিনির দাম কেজিপ্রতি দুই টাকা কমানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী গত বুধবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে গণভবনে ডেকে নিয়ে রমজান মাসের আগে চিনির দাম কমানো নিয়ে আলোচনা করেছেন। রমজান মাস এলেই চিনির দাম বাড়ার প্রবণতা থেকে বের হয়ে এর দর বর্তমান বাজারদরের চেয়ে কমানোর নির্দেশ দেন।জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল শনিবার প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করণীয় নির্ধারণ করা হচ্ছে। প্রাথমিক-ভাবে টিসিবির চিনির দাম কেজিতে দুই টাকা কমানোর চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে চিনির আমদানি শুল্ক কমানোরও পরিকল্পনা রয়েছে।জানা গেছে, চিনির ওপর আরোপিত নির্ধারিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হলেও তা হবে সাময়িক।গত বাজেটে প্রতি টন পরিশোধিত চিনির ওপর চার হাজার এবং অপরিশোধিত চিনির ওপর দুই হাজার টাকা শুল্ক আরোপ করা হয়। এর পর থেকে বেশ কিছুদিন ধরেই চিনির বাজার ঊর্ধ্বমুখী।জানা গেছে, দেশের বার্ষিক চিনির চাহিদা ১২ থেকে ১৩ লাখ টন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ১৪টি চিনিকলের চলতি ২০০৯-১০ অর্থবছর উৎপাদিত হয়েছে মাত্র ৬০ হাজার টন। দেশে আড়াই থেকে তিন লাখ টন পরিশোধিত চিনি আমদানি হয়। আর অপরিশোধিত চিনি আমদানি হয় ১৫ থেকে ১৬ লাখ টন। দেশি চাহিদার ৯০ শতাংশই পূরণ হয় চিনি পরিশোধনকারী কলগুলোর মাধ্যমে।গতকাল শনিবার পাইকারি বাজারে চিনির দাম ছিল প্রতি কেজি ৪২ থেকে ৪৩ টাকা। এক সপ্তাহ আগে এ দর ছিল ৩৮ থেকে ৪১ টাকা। খুচরা বাজারে গড়ে এখন চিনি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা পর্যন্ত।