রমজান মাসে দেশি গরুর মাংসের কেজি ২৭০ টাকা
রমজানকে সামনে রেখে এবার বিভিন্ন ধরনের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ডিসিসির বেঁধে দেওয়া দাম অনুযায়ী, প্রতি কেজি দেশি গরুর মাংস ২৭০ টাকা ও বিদেশি গরুর মাংস ২৫০ টাকা, মহিষের মাংস ২৪০ টাকা, খাসির মাংস ৪০০ টাকা, বকরি ও ভেড়ার মাংস ৩৫০ টাকায় ব্যবসায়ীদের বিক্রি করতে হবে।আজ বৃহস্পতিবার নগর ভবনে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে এই দর নির্ধারণ করে ডিসিসি। ডিসিসি জানায়, রাজধানীর সব কাঁচাবাজারের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য। বিক্রেতারা এর চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ডিসিসি।বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গরুর মাংসের যে দাম নির্ধারণ করা হয়েছে, তা বাজারদরের চেয়ে বেশি।ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসিরউদ্দিন, প্রধান প্রকৌশলী আবুল হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির নেতা গোলাম মর্তুজা, রবিউল আলম, শামীম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।