পবিত্র রমজান মাসের জন্য সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসসূচি সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত করা হয়েছে। বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, রমজান মাসে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে যারা জরুরি সেবা দিয়ে থাকে, তাদের নিজস্ব আইনানুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের অফিসের সময়সূচি অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের সময়সূচি কোর্ট নির্ধারণ করবেন। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ বৃহৎ অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ অবকাঠামোগত অর্থ তহবিলকে (বিআইএফএফ) কোম্পানি হিসেবে গঠন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০-এর খসড়া এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) আইন, ২০১০-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।বৈঠকে বাংলাদেশ বৃহৎ অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সৃষ্ট বাংলাদেশ অবকাঠামোগত আর্থিক তহবিলকে (বিআইএফএফ) কোম্পানি হিসেবে গঠনকে অনুমোদন দিয়ে বলা হয়, কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য অবকাঠামো খাতে বিনিয়োগ অত্যন্ত জরুরি। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি খাতের উন্নয়ন, পরিবহন অবকাঠামো উন্নয়ন ইত্যাদির মতো বৃহৎ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণকে আকৃষ্ট করার জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারি (পিপিপি) কাঠামোর ভিত্তিতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কার্যক্রম চলছে। খাতভিত্তিক পৃথক পৃথক ফান্ড গঠন না করে বাংলাদেশের সব বৃহৎ কাঠামোগত বিনিয়োগের জন্য বেসরকারি তহবিল আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ অবকাঠামো আর্থিক তহবিল ফান্ড (বিআইএফএফ) নামে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পিপিপির আওতায় যেসব বেসরকারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসবে, তাদের প্রকল্পে অর্থায়নে অনিশ্চয়তা হ্রাস পাবে এবং পিপিপির উদ্যোগ সফলের জন্য বিআইএফএফের অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করবে। এ কোম্পানির অনুমোদিত মূলধন হবে ১০ হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হচ্ছে এক হাজার ৬০০ কোটি টাকা। ইতিমধ্যেই অর্থমন্ত্রীর নির্দেশনা ও অনুমোদন-সাপেক্ষে বিআইএফএফ নামে তহবিলটি সৃষ্টি করা হয়েছে এবং এর অনুকূলে এক হাজার ৬০০ কোটি টাকা ছাড় করা হয়। এ অর্থ বিআইএফএফের নামে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত রয়েছে। কোম্পানিটি পরিচালনার জন্য সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। প্রয়োজনে এর আকার বাড়ানো যাবে। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ-সচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।