রমজান মাসেও অনিবার্য ঘন ঘন লোডশেডিং
আসন্ন পবিত্র রমজান মাসেও এখনকার মতোই ঘন ঘন লোডশেডিং হবে। এ সময় বিদ্যুতের উৎপাদন কিছু বাড়বে। তবে একই সঙ্গে চাহিদাও বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির তেমন কোনো উন্নতি হবে না। সরকার চেষ্টা করছে লোড-ব্যবস্থাপনার বহুমুখী কার্যক্রম গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের। এ জন্য সারা দেশের সব পর্যায়ের গ্রাহকের সহযোগিতা চাওয়া হচ্ছে।সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।সূত্রগুলো জানায়, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটে স্থির রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। তার পরও ঘাটতি থাকবে প্রায় এক হাজার মেগাওয়াট। লোড-ব্যবস্থাপনার মাধ্যমে এ ঘাটতি মোকাবিলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। টানা আধা ঘণ্টা: লোড-ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র রমজান মাসে ইফতারের সময় থেকে শুরু করে তারাবির নামাজ শেষ না হওয়া পর্যন্ত টানা আধা ঘণ্টা করে লোডশেডিং করা হবে। মাগরিবের আজানের পর থেকে এ লোডশেডিং শুরু হবে। এতে ওই সময়ের মধ্যে প্রতিটি বাড়ি ও মসজিদে একবারের বেশি লোডশেডিং করার প্রয়োজন না-ও হতে পারে। ফলে প্রত্যেক গ্রাহক ইফতার থেকে তারাবির মধ্যবর্তী অধিকাংশ সময় বিদ্যুৎ পাবেন বলে সরকারের হিসাব। দিন ও রাতের অন্য সময়ে লোডশেডিংয়ের সময়সূচি এখনকার মতোই থাকবে।এ প্রসঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালক (কারিগরি) মো. সিরাজউদেদৗলা প্রথম আলোকে বলেন, যেসব গ্রাহককে ইফতারের সময় লোডশেডিং দেওয়া হবে, তাঁদের সেহিরর সময় লোডশেডিংমুক্ত রাখার জন্য তাঁরা চেষ্টা করছেন।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক সালেহ্ আহমেদ বলেন, রমজান মাসের লোড-ব্যবস্থাপনা সম্পর্কে তাঁরা আজ শনিবার বৈঠক করে সবকিছু চূড়ান্ত করবেন।অন্যান্য পদক্ষেপ: রমজান মাসে লোড-ব্যবস্থাপনার অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে: বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত গ্রিডের বিদ্যুৎ দিয়ে দোকানপাটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো বন্ধ এবং লাইট কম জ্বালানো। তারাবির নামাজের সময় দোকানপাটে গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা। এসব বিষয়ে দোকান মালিক সমিতি সরকারকে নিশ্চিত করেছে। ইস্পাত ও রিরোলিং কারখানার মতো বেশি বিদ্যুৎ ব্যবহারকারী শিল্পকারখানা বিকেল থেকে বন্ধ রাখা হবে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। এ জন্য কোনো কোনো শিল্পে এবং যেসব শিল্পপ্রতিষ্ঠানে নিজস্ব বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার) উৎপাদনের ব্যবস্থা রয়েছে, সেখানে বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতে পারে।