রমজান মাসের চাহিদা পূরণ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ পর রমজান মাস শুরু হচ্ছে। এ সময়ে ছোলা, মটর ডাল ও খেজুরের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ব্যবসায়ীরাও এসব পণ্য আমদানি বাড়িয়ে দেন। তবে এবার ছোলা, ডাল ও খেজুরের সরবরাহ এখনো গত বছরের চেয়ে কম। চট্টগ্রাম বন্দর দিয়ে এসব পণ্য খালাসের পরিসংখ্যান থেকে এই চিত্র পাওয়া গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রমজানের আগের তিন সপ্তাহে ছোলা আমদানির জন্য কাছের উৎ স মিয়ানমার। পরিমাণে কম হলেও মিয়ানমার থেকে গত সপ্তাহে ছোলার দুটি চালান এসেছে। নেপাল থেকে আসছে মসুর ডাল। সুতরাং আগামী তিন সপ্তাহে আমদানির ওপর এই তিনটি পণ্যের সরবরাহ নির্ভর করছে বলে ব্যবসায়ীরা মনে করেন।চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ছোলা, ডাল ও খেজুরের সরবরাহ গতবারের তুলনায় এবার কম। এ কারণে এসব পণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে, সে জন্য সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া।ব্যবসায়ী সূত্রে জানা যায়, বিশ্ববাজারে এবার ভালো মানের ছোলা পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ায় বন্যার কারণে ছোলা উৎ পাদন মার খেয়েছে। আমদানিকারকেরা তাই ইথিওপিয়া ও মিয়ানমারের দিকে ঝুঁকছেন।কাস্টম হাউসের হিসাবে দেখা গেছে, গত দুই মাসে বন্দর থেকে ছোলা খালাস হয়েছে ২৫ হাজার ৮৪২ টন। গত বছরের রোজার আগে একই সময়ে (মে ও জুন মাসে) ছোলা আমদানি হয়েছিল ৪৬ হাজার ৩৭৪ টন। রমজানে ছোলার চাহিদা অন্তত ৬০-৭০ হাজার টন হয় বলে মনে করা হয়। স্বাভাবিক সময়ে ছোলার চাহিদা মাসে গড়ে চার থেকে পাঁচ হাজার টন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভোক্তা পর্যায়ে এখনো ছোলার চাহিদা তৈরি হয়নি। কিন্তু বাজারে সরবরাহ-সংকটকে পুঁজি করে ব্যবসায়ীরা ছোলার দাম এখনই বাড়িয়ে দিয়েছেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেখা গেছে, গত বছর এ সময় ছোলার দাম ছিল কেজিপ্রতি ৪৪-৪৮ টাকা। এখন সেই ছোলা বিক্রি হচ্ছে ৬২-৭০ টাকায়। এক বছরে ছোলার দাম বেড়েছে প্রায় সাড়ে ৪৩ শতাংশ। আর এক মাসে বেড়েছে কেজিপ্রতি দুই থেকে আট টাকা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গত বছরের তুলনায় এবার ছোলার দাম বেশি। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।ছোলা ছাড়াও রোজায় মটর ডালের ব্যবহারও বেশি হয়। ব্যবসায়ীদের হিসাবে, রোজায় ৪০-৫০ হাজার টনের মতো মটর ডালের চাহিদা থাকে। মে মাসে মটর ডাল আমদানি হয়েছে ৪৪ হাজার ৮১৩ টন। আর গত জুনে এসেছে মাত্র ৬৫ টন। পাইকারি ব্যবসায়ীরা এখন চলতি মাসের মটর ডাল আমদানির দিকে তাকিয়ে আছেন। গত বছরের চেয়ে এবারও বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এক মাসের ব্যবধানে মটর ডালের দাম বেড়েছে কেজিপ্রতি চার টাকা। আর গত বছরের চেয়ে কেজিতে ১০-১২ টাকা বেশি।বছরে গড়ে ২৫ থেকে ২৬ হাজার টন খেজুর আমদানি হয়। রমজানে ১৫ হাজার টন খেজুরের চাহিদা থাকে। বন্দর দিয়ে গত দুই মাসে খেজুর এসেছে তিন হাজার ৬৭১ টন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল নয় হাজার ৭০৩ টন। অবশ্য এবার বছরের শুরুর দিকে, জানুয়ারিতে সাড়ে ছয় হাজার এবং মার্চে পাঁচ হাজার টন খেজুর আমদানি হয়েছে। রোজা ছাড়া বছরের অন্য সময়ে খেজুরের চাহিদা না থাকায় এসব খেজুর মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে।মসুর ডালের চাহিদাও রোজায় বাড়ে। চট্টগ্রাম বন্দর দিয়ে মসুর ডালের আমদানি কমেছে। গত দুই মাসে বন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে পাঁচ হাজার ৭০৬ টন। গত বছর একই সময় আমদানি হয় ২৯ হাজার ৮৮৭ টন।ব্যবসায়ীরা বলছেন, মসুর ডাল চট্টগ্রাম বন্দর ছাড়াও এখন নেপাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হয়। টিসিবির হাতেও প্রায় ২৫ হাজার টন মসুর ডাল মজুদ আছে। এ কারণে বন্দর দিয়ে আমদানি কমলেও মসুর ডালের সংকট হবে না।