রমজান মাসের পর সব বিভাগে মহাসমাবেশ করবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে জনমত গঠনের লক্ষ্যে আসন্ন রমজান মাসের পর সব বিভাগে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, ‘আশা করছি, এসব মহাসমাবেশে প্রধানমন্ত্রী থাকবেন। বিভাগীয় পর্যায়ে সমাবেশ শেষ হলে জেলা পর্যায়েও সমাবেশ করা হতে পারে।’গত শুক্রবার প্রধানমন্ত্রী দু-চার দিনের মধ্যে সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় যে সংসদীয় কমিটি গঠনের কথা বলেছেন, ওই কমিটিতে কারা থাকবেন—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বশীল সব দলের সদস্যদের কমিটিতে রাখা হবে। আশা করছি, সবাই এ সুযোগ নেবেন।’ কমিটিতে জামায়াতে ইসলামীর কেউ থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত থাকবে কি থাকবে না, সে সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি। পরে এটা জানতে পারবেন।’গণভবনে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভার সিদ্ধান্ত জানানোর জন্য গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সরকারিভাবে পালন করা হবে। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, আলোচনা সভা প্রভৃতি।সংবাদ সম্মেলনে জানানো হয়, কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ১৯টি উপকমিটির ১১টির সভাপতি নির্বাচন করেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, অনুষ্ঠানে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির নেত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, দলকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ অব্যাহত থাকবে। শিগগির ওয়ার্ড থেকে শুরু করে দলের বিভিন্ন কমিটির সম্মেলন করা হবে। দুই বছরের মধ্যে সব কমিটির সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির সম্মেলন হবে। তৃণমূল পর্যায়ে ক্ষমতায়নের কথা জানিয়ে তিনি বলেন, দলে ‘এক সদস্য এক ভোট’ চালু করা হবে, যাতে তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হয়।