বন্যাদুর্গত ও শ্রমঘন এলাকাকে প্রাধান্য দিয়ে রমজান মাসের প্রথম দিন থেকে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস) শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতি পরিবার পাঁচ কেজি করে চাল কিনতে পারবে। ঢাকা মহানগর, ছয়টি বিভাগীয় শহরসহ এসব বিশেষ এলাকায় ২২ থেকে ২৪ টাকা দরে এই চাল বিক্রি করা হবে। তবে এবার দোকানে ওএমএসের চাল বিক্রির চেয়ে খোলা ট্রাকে করে চাল বিক্রির বিষয়টি বেশি প্রাধান্য দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা গেছে, চালের বাজার নিয়ন্ত্রণে আনতে ওএমএস কার্যক্রম চালু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।ওএমএসের আওতাধীন: বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি এলাকা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জকে ওএমএসের বিশেষ কর্মসূচির আওতায় আনা হবে। শ্রমঘন এলাকা হিসেবে এই কর্মসূচির আওতায় আসবে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার। ঢাকা মহানগর ও ছয়টি বিভাগীয় শহরে ওএমএসের চাল বিক্রি করা হবে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে এ বিষয়ে বলেন, চালের দাম নিয়ন্ত্রণ করতেই রমজান মাসে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু করা হচ্ছে। তিনি বলেন, সরকার বিশেষ সহায়তা দেওয়ার জন্য ঢাকা শহরের গরিবদের একটি তালিকা তৈরি করেছে। এদের জন্য ওএমএস বা স্বল্পমূল্যে চাল বিক্রি করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, রমজান মাসে কোনো মানুষকে যাতে না খেয়ে থাকতে হয় এবং বাজারদর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, সে জন্য ঢাকা ছাড়াও দেশের হাওর অঞ্চল ও বন্যাদুর্গত এলাকায় এসব কর্মসূচি চলবে। এ ছাড়া রমজান মাসে এক কোটি দরিদ্র মানুষকে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনা মূল্যে খাদ্যসহায়তা দেওয়া হবে বলে খাদ্যমন্ত্রী জানান।ওএমএসের চাল বিক্রি কোথায় এবং কীভাবে করা হবে, এর বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল সারা দেশের জেলা ও উপজেলার ওএমএস কার্যক্রম শুরুর বিষয়টি। কিন্তু দেশের সব জেলায় এ কার্যক্রম চালানো সম্ভব নয় বলে এ বিষয়ে কিছুটা দ্বিমত হয়। পরে হাওর অঞ্চল, বন্যাদুর্গত এলাকা ও শ্রম এলাকাকে প্রাধান্য দিয়ে ওএমএস চালুর বিষয়টি চূড়ান্ত হয়।খোলাবাজারে চালের মূল্য: গতবার ওএমএসে চাল বিক্রি করা হয় ২২ টাকা মূল্যে। সে সময় বাজারে চালের মূল্য ছিল ২৮ টাকা। কিন্তু বর্তমানে চালের দাম আগের বারের চেয়ে বেশি, তাই দাম দু-এক টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে।তবে খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক কারণেই ওএমএসের চাল ২২ টাকা মূল্যে বিক্রি করা হতে পারে। গরিবের যাতে কোনো কষ্ট না হয় এবং চালের দাম তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেই বিবেচনায় কিছুটা সহনীয় মূল্যে এ চাল বিক্রি করা হতে পারে।জানতে চাইলে খাদ্যসচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তাই ওএমএস কার্যক্রম চলার সময় চালসংকটের কোনো আশঙ্কা নেই। সচিব বলেন, রমজান মাসে এমনিতেই মানুষের খরচ বেড়ে যায়। তবে প্রধানমন্ত্রী চাচ্ছেন, গরিব মানুষ যেন এ সময়ে কোনো কষ্ট না পায়। সে জন্যই রমজান মাসের প্রথম দিন থেকেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। প্রতি কেজি চালের মূল্য ২২ থেকে ২৪ টাকা নির্ধারণ করা হবে। সচিব জানান, বর্তমানে বিভিন্ন গুদামে পাঁচ লাখ টন চালের মজুদ রয়েছে। আরও এক লাখ ৪০ হাজার টন চাল আমদানির প্রক্রিয়াধীন। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টন চালের ব্যবস্থা আছে। এ ছাড়া সাত লাখ টন গম মজুদ রয়েছে।এ ছাড়া সারা দেশে ২২ লাখ ২৫ হাজার কার্ড বিতরণের মাধ্যমে কম মূল্যে চাল বিক্রির কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে সরকার-নির্ধারিত দামে চাল বিক্রি করা হবে। রাজধানীর ৯০টি ওয়ার্ডে এই চাল বিক্রি করা হবে। অন্যান্য জেলায় এই কর্মসূচি শুরু করা হলেও ঢাকা ও চট্টগ্রামে এখনো তা চালু হয়নি।প্রধানমন্ত্রী গরিব জনগোষ্ঠীর জন্য রেশন-সুবিধা চালু করার কথা বললেও রমজান মাসে তা সম্ভব হবে না বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।কৃষিসচিবকে চিঠি: ২০১০ সালে বোরো মৌসুমে বন্যা পরিস্থিতির কারণে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, অর্থাৎ কী পরিমাণ ফসল পাওয়া যায়নি, সে বিষয়ে অবহিত করার জন্য কৃষিসচিবকে অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানায়, বন্যায় তাদের ৫০ হাজার ৫০০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।