রমজান মাসের ব্যস্ত শহরে...
নাগরিক জীবনে অনেক বদল নিয়ে আসে রমজান মাস। খাওয়া, ঘুমের সময় বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সরকারি অফিসের সময়। তাই বিদ্যুৎ, পানি ব্যবহারের সময়ও বদলে যায়। বাসায় ইফতার সারতে সন্ধ্যার আগেই ঘরে ফেরার তাড়া থাকে সবার। চিরচেনা পথঘাট, বিপণিবিতানে দেখা যায় ক্রেতা-বিক্রেতার ভিড়। রমজান মাসের ব্যস্ত শহরে আবার ছিনতাইকারী, চোর-ডাকাতের দৌরাত্ম্যও বেড়ে যায়। রমজান মাস এলে তাই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নগরের বিভিন্ন সেবা সংস্থা। আসছে রমজান মাসে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন মিল্লাত হোসেন ও আলী আসিফবিদ্যুৎ সরবরাহআধা ঘণ্টা করে লোডশেডিংদিনমান রোজা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু ইফতার। ইফতারির কোনো একটা পদ মুখে নিতেই চলে গেল বিদ্যুৎ। খুব কম ঢাকাবাসীই আছেন, যাঁরা এমন ঘটনার মুখোমুখি হননি। লোডশেডিংয়ের নগরে আবার আসছে রোজার মাস। আর বৃষ্টির আকাল থাকায় এবার গরম বেশি। রোজাদারেরা তাই তারাবির সময় মসজিদে বিদ্যুৎ চান। অবশ্য বিদ্যুৎ সরবরাহকারীদের ওপর এ জন্য ভরসা রাখতে পারছে না মুসল্লিরা। মসজিদে মসজিদে বিদ্যুতের বিকল্প উৎসের ব্যবস্থা করা হচ্ছে। কেউ সংগ্রহ করছেন জেনারেটর, কেউ কিনছেন আইপিএস। কেউ বা আবার দুটি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ নিচ্ছেন। এই পথে গিয়েও লোডশেডিংয়ের হাত থেকে রেহাই পাচ্ছেন না সূত্রাপুরের জাস্টিস লালমোহন দাস লেনের বায়তুল গাফফার জামে মসজিদের মুসল্লিরা। এ প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি রাশিদুল হাসান বলেন, ‘মাঝেমধ্যেই দুটি ফিডারে একই সময়ে বিদ্যুৎ চলে যায়। এ জন্য আমাদের মসজিদে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি, রোজার মাসে লোডশেডিংয়ের অত্যাচার কমবে।’তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকদের এ প্রত্যাশা পূরণ হচ্ছে না। রমজান মাসে ইফতার, তারাবি, এমনকি সেহরির সময়ও চলে যেতে পারে বিদ্যুৎ। এ অবস্থায় রোজার মাসে ওই সময়গুলোতে লোডশেডিং কতটা কম রাখা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে বিদ্যুৎ সেবাদাতা দুই প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) লিমিটেড। এ প্রসঙ্গে ডেসকোর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) শফিকুল ইসলাম চৌধুরী জানান, ওই সময়গুলোতে লোডশেডিং যাতে টানা আধা ঘণ্টার বেশি না হয়, সেই লক্ষ্য রেখে প্রস্তুত হচ্ছেন তাঁরা। নগরের মসজিদ কমিটির সঙ্গে সভা করে তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে লোডশেডিংয়ের সূচি। আবার আচমকা বিকল হওয়া ট্রান্সফরমার দ্রুত বদল করতে সংরক্ষিত ট্রান্সফরমারের সংখ্যা বাড়ানো হচ্ছে।আইনশৃঙ্খলা পরিস্থিতিনিরাপত্তার ডামাডোলবছর ঘুরে রমজান মাস এলেই নগরজুড়ে কেনাকাটার ধুম পড়ে যায়। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই ছুটবেন বিপণিবিতানগুলোয়। গাঁটের পয়সায় কেনা শখের জামা-জুতো যাতে বাড়ি তোলা যায়, সে জন্য নগরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতো এবারও তৎপরতা শুরু করেছে। রমজান মাস ও ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে নিরাপত্তাসংক্রান্ত সভায় তাঁরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। বিপণিবিতানকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে তাতে। এ ছাড়া ছিনতাইপ্রধান এলাকাগুলোয় বাড়তি টহলের ব্যবস্থা করা হবে বলে ডিএমপির কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন।নগরের বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনাল ও বিমানবন্দর এলাকায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজে নামবে কমিউনিটি পুলিশের দল। ব্যাংক থেকে টাকা তুলতে কিংবা বড় অঙ্কের টাকা পরিবহনের সময় পুলিশ কন্ট্রোল রুম থেকে ‘এস্কট পার্টি’র সাহায্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তারা। কেনাকাটা শেষ করে ঘরে ফেরার পথে যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টির খপ্পরে না পড়তে হয়, সে জন্য গোয়েন্দা বিভাগের তৎপরতা বাড়ানো হবে। প্রতিবছর রমজান মাস এলে নগরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের সাধু কথা বললেও আদতে তাদের এই কথায় চিঁড়ে ভিজবে কি না, তা দেখা যাবে রমজান মাসের নগরে।পায়ে চলা পথের দখলছাড় পাচ্ছেন হকার!হকারের ভিড়ে বঙ্গবন্ধু এভিনিউ এলাকার পায়ে চলা পথে হাঁটার আর জো নেই। গত এক বছরে নগরের পায়ে চলা পথে হকার অনেক বেড়ে গেছে। গুলিস্তান, নিউমার্কেট, শাহবাগ এলাকায় গেলে যে কেউ সহজেই এটা বুঝতে পারবে। রমজান মাস সামনে আরও এক দফা বাড়ছে হকার। পথ ও বিপণিবিতানের পাশে রাতারাতি বসছে আয়না-চিরুনি থেকে শুরু করে জামা-প্যান্ট, জুতা-বেল্ট, টুপি-মেসওয়াকের দোকান। প্রথম রোজা থেকেই তৈরি ইফতারির দোকানও বসে যাবে ফুটপাত ও রাস্তায়। ফুটপাতের দোকানে খদ্দেরেরাও ভিড় করতে থাকবে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে বিপাকে পড়বে পথচারী। একদিকে ফুটপাতে চলায় বাধা, আরেকদিকে রাস্তায় গাড়িতে চাপা পড়ার ভয়। অবশ্য রমজান মাসে ফুটপাত পথচারীর চেয়ে হকারকে ব্যবহার করতে দিতেই বেশি আগ্রহী নগরকর্তারা। তাঁদের চোখে বিষয়টি মানবিক। কারণ, সারা বছর যেভাবেই চলুক, রমজান মাসে হকার আয় করতে না পারলে তাঁর ঈদ মাটি হয়ে যাবে। এমন সুরই পাওয়া গেল ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের কথায়। তিনি বলেন, ‘হকারদের কথা বিবেচনা করে রমজান মাসে উচ্ছেদ কার্যক্রম একটু শিথিল থাকবে।ডিসিসির অভিযান শিথিল থাকলে কী হবে, ফুটপাতের দোকানিদের কাছ থেকে এ মাসে লাইনম্যানদের ওঠানো টাকার পরিমাণ যে অনেক বাড়বে, তা জানালেন হকাররাই।পানি সরবরাহঢাকা ওয়াসার কায়কারবারসারা দিন রোজা রেখে ইফতারিতে এক গ্লাস ঠান্ডা শরবতে মন চাঙা করার জন্য পানির প্রয়োজন। নগরের পানিওয়ালা ঢাকা ওয়াসা (ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) এ জন্য আসছে রমজান মাসে পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য তাদের ৫৫৯টি গভীর নলকূপ ও চারটি পানি শোধনাগার পুরোদমে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া চাহিদার ভিত্তিতে ঘাটতি এলাকা বাছাই করে সেসব এলাকার পানির চাহিদা মেটানোর জন্য প্রস্তুত থাকবে ওয়াসার ৩৬টি পানির গাড়ি ও ২৮টি ট্রলি।বিদ্যুৎ-বিভ্রাটেও যাতে পানির পাম্প সচল থাকে, সে জন্য ওয়াসার জেনারেটরগুলোও তৎপর থাকবে বলে ঢাকা ওয়াসার কর্তারা জানিয়েছেন। প্রতিবারের মতো এবারও জনসমাগমপূর্ণ এলাকায় যেমন বাস, ট্রাক, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন ব্যস্ত রাস্তার মোড়ে ওয়াসার প্লাস্টিক পানির ট্যাংক বসানো হবে। পানি সরবরাহে কোথাও কোনো ঘাটতি বা অনিয়ম হচ্ছে কি না, তা দেখার জন্য প্রস্তুত থাকবে ওয়াসার ১১টি পরিদর্শক দল। নগরের রোজাদারদের জন্য ওয়াসার এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কতটুকু, তা বোঝা যাবে রমজান মাসজুড়ে।যানজট পরিস্থিতিজটে বসেই ইফতার?ঈদ সামনে রেখে রমজান মাসে ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রয়োজনে লোকজন নগরে আসে। নগরের পাইকারি ও খুচরা বিপণিবিতানগুলোয় ক্রেতাদের ভিড় বাড়তে থাকে রমজান মাসের শুরু থেকেই। অফিস ফেরত কর্মজীবী লোকজন বাড়ি ফেরার জন্য একসঙ্গে রাস্তায় নেমে আসায় যানজট শুরু হয় সাধারণত বেলা তিনটার পর থেকেই। এ ছাড়া বিপণিবিতানগুলোর সামনে দিনের বেশির ভাগ সময়ই যানজট থাকতে পারে।রমজান মাসে যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেন ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। সব প্রতিষ্ঠানের অফিস সময় শুরু ও ছুটির সময় একসঙ্গে না করে একটু আগে-পরে করা হলে যানজট কমত বলে মনে করেন মতিঝিল এলাকায় দায়িত্ব পালনরত একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা।ঘুরে দেখা গেছে, বিপণিবিতানগুলোর সামনে এখনই যানজট শুরু হয়েছে। রোজা শুরুর আগেই ঈদের পোশাক ও গয়নার ফরমাশ দিতে নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলোয় আসছে ক্রেতারা। নগরের রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ৮ আগস্ট থেকেই ঢাকা মহানগর পুলিশের বিশেষ বাহিনী নামছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক বিভাগ) সফিকুর রহমান।ভোগ্যপণ্যের দাম ও মাননিয়ন্ত্রণে থাকবে কিবছরের ১১টা মাস মুদি দোকানে যেসব ভোগ্যপণ্য চিপাচাপায় পড়ে থাকে। তার কিছু পদই এখন সামনের সারিতে চলে এসেছে। এই যেমন ছোলা, ডাবলি, বেসন। এসব দেখেই আঁচ করা যায়, আসছে রোজার মাস।ফি-বছর রমজান মাসেই চিনি, তেল, পেঁয়াজের দাম যেন আকাশ ছুঁতে চায়। কম যায় না ছোলা, ডাবলি, বেসনও। এসব ভোগ্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে বছরজুড়ে ঝিমাতে থাকা টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাঠে নামে। এবার তারা কী করছে? তার ফিরিস্তি দিলেন টিসিবির এক কর্মকর্তা। নগরজুড়ে থাকা তাদের আড়াই শতাধিক ডিলারকে ভোগ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া জনবহুল স্থানে তাদের ট্রাক দিয়েও পণ্য বিক্রি করা হবে ক্রেতাদের কাছে। টিসিবির পণ্যের মধ্যে আছে চিনি, সয়াবিন তেল, পাম ওয়েল, মসুর ডাল ও ছোলা। দাম বাজারদরের চেয়ে কিছুটা কম। চিনি ৪৩ টাকা কেজি, সয়াবিন তেল ৮০ টাকা লিটার, পাম অয়েল ৬৫ টাকা লিটার, ছোলা ৪২ টাকা কেজি। আর নেপালি মসুর ডাল ১০৬ টাকা, দেশি ১০০, কানাডা (মাঝারি) ৮০ ও কানাডা (বড়) ৭৮ টাকা।এদিকে চকবাজারের বড় ইফতারের বাজার থেকে শুরু করে পাড়ামহল্লার ইফতারের দোকানের ইফতারের মান নিয়ে প্রশ্ন থেকে যায় কারও কারও মনে। কেননা বাজারে নকল সেমাই যেমন তৈরি হয়, তেমনি তৈরি হয় ভেজাল বেসন। রং-চং মেশানো ইফতারও স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের ভয়ের কারণ। তাদের এই ভয় দূর করতে রমজান মাসে ভেজালবিরোধী অভিযান জোরদার হবে কি, জানতে চাইলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক ফজলুল আহাদ বলেন, রমজাম মাসেও ঢাকা শহরে ভেজালবিরোধী দলের জোর তৎপরতা থাকবে।