রমজান মাসের শুরু থেকেই ওএমএস
পয়লা রমজান থেকে বিভাগীয় সাত শহর, আশপাশের জেলাসহ ঢাকার শ্রমঘন এলাকায় খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল (ওএমএস) বিক্রি শুরু হবে। প্রতি কেজি চাল ২৪ টাকায় বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। আটা কিনতে পারবেন ২০ টাকা কেজিতে।আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের এ-সম্পর্কিত প্রস্তাব খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক অনুমোদন করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন খাদ্যসচিব বরুণ দেব মিত্র। সচিবালয়ে খাদ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত আলোচনা শেষে মন্ত্রী এ অনুমোদন দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব আসলাম আলম ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান উপস্থিত ছিলেন।খাদ্যসচিব জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর বিভাগীয় শহরে ওএমএসের চাল বিক্রি হবে। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজিপুর জেলা এবং সাভার উপজেলায় ওএমএসের চাল বিক্রি হবে। এ ছাড়া ঢাকা মহানগর এলাকা-বহির্ভূত ১৭টি ইউনিয়ন, যা শিল্প এলাকা বলে পরিচিত, সেসব এলাকায়ও ওএমএস চালু করা হবে। পূর্বের নির্ধারিত পরিবেশকের মাধ্যমে এ চাল সরবরাহ করা হবে। তবে ৪২টি জেলায় আগে থেকে চালু ন্যায্যমূল্যে আটা বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।খাদ্যমন্ত্রী প্রথম আলোকে জানান, আপাতত সীমিতভাবে ওএমএস চালু করা হলেও প্রয়োজন হলে সারা দেশে বিস্তৃত করা যাবে। খাদ্যমজুদ পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, রমজান মাসে খাদ্য নিয়ে সাধারণ মানুষকে যাতে কেউ কষ্টে ফেলতে না পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।খাদ্যমন্ত্রী বলেন, রমজান মাস উপলক্ষে ৬০ হাজার মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হবে। অসহায়, দুস্থ, বিধবা বা কর্মহীন মানুষ এ চাল পাবেন।