রমজানে চিনির সংকট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে এবার চিনির সংকট হবে না। ভোক্তারা ৬০ টাকার নিচে চিনি খেতে পারবেন—এমনটাই জানালেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বর্তমান বাস্তবতায় বেসরকারীকরণ কমিশনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।আজ বুধবার নিজস্ব কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘আসছে রমজানে চিনির কোনো সংকট হবে না। এবার আমরা কেজিপ্রতি ৬০ টাকার নিচে চিনি দিতে পারব। এ জন্য ৭৫ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছে। উত্পাদন হয়েছে ৭০ হাজার মেট্রিক টন। গত বছরের উদ্বৃত্ত চিনি আছে ২৪ হাজার মেট্রিক টন। সব মিলিয়ে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন চিনি মজুদ আছে।’ শিল্পমন্ত্রী বলেন, ‘পাট ও বস্ত্র মন্ত্রণালয় অনেক মিল বেসরকারীকরণ কমিশনের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে। আমি মনে করি, বর্তমান বাস্তবতায় বেসরকারীকরণ কমিশনের প্রয়োজন নেই। কারণ, তাদের তদারকি ব্যবস্থা নেই।’ দিলীপ বড়ুয়া বলেন, ‘কোহিনূর কেমিক্যালের কাছে আমরা ১৭৫ কোটি টাকা পাই। বেসরকারীকরণের পর প্রতিষ্ঠানটি কেবল প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছিল। এই পাওনা টাকা উত্তোলনে বর্তমানে বেসরকারীকরণ কমিশনের কোনো কার্যকারিতা নেই।’ গতকাল মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে ‘মন্ত্রী দিলীপ বড়ুয়ার ছয় প্লট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে স্ত্রী, কন্যা, ভাইপো ও নিজের নামে মোট পাঁচটি সরকারি প্লট নিয়েছেন শিল্পমন্ত্রী।’ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী গতকাল বলেন, ‘মন্ত্রী হিসেবে আমি একটি প্লট পেয়েছি। আমার স্ত্রী পেশাজীবী হিসেবে আবেদন করে একটি প্লট পেয়েছেন। কিন্তু স্বচ্ছতার জন্য আমরা একটি প্লট রেখেছি। অন্যটি “সারেন্ডার” করেছি।’ দিলীপ বড়ুয়া বলেন, ‘এ ছাড়া আমেরিকা প্রবাসী আমার ভাই ও মেয়ের জামাই একটি করে প্লট পেয়েছেন। তাঁরা প্রবাসী কোটায় আবেদন করে প্লট পেয়েছেন।’ প্লট পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব খাটানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমার ১২ আত্মীয়-স্বজন আবেদন করেছিল। কিন্তু পেয়েছে মাত্র দুজন। প্রভাব খাটালে তো সবাই পেত।’শিল্পমন্ত্রী অভিযোগ করেন, ‘মাগুরা পেপার মিলের এক শেয়ারহোল্ডার ভদ্রলোক সরকারের সব শেয়ার নিয়ে নিতে চাইছেন। যেহেতু আমরা বাধ সাধছি, তাই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’