রমজানে টিসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেডিং করপোরেশন বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করতে এক হাজার কোটি টাকার তহবিল দেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ তহবিল দিতে বলা হয়েছে। কমিটি মনে করছে, বর্তমানে টিসিবির যে তহবিল রয়েছে, তা বাজার নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়।আজ বুধবার দুপুরে সংসদ সচিবালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি লুত্ফুল হাই সভায় সভাপতিত্ব করেন।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে লুত্ফুল হাই বলেন, রমজানে যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, টিসিবির মাধ্যমে আগে থেকেই সেসব পণ্যের মজুদ গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, টিসিবির সক্ষমতা বাড়ানোর জন্য অর্থের প্রয়োজন।এ প্রস্তাবের সঙ্গে বৈঠকে উপস্থিত বাণিজ্যমন্ত্রী ফারুক খানও একমত হয়েছেন বলে লুত্ফুল হাই জানান।সভাপতি বলেন, রমজান মাসে চিনির চাহিদা বেড়ে গিয়ে এক লাখ ৩৩ হাজার টনে দাঁড়ায়। সে সময় ডালের চাহিদা ৫০ হাজার টন এবং ভোজ্যতেলের চাহিদা থাকে ১০ হাজার টন। বর্তমানে সরকারের কাছে ৬০ হাজার টন চিনি ও পাঁচ হাজার টন ভোজ্যতেল মজুদ আছে। রমজানকে সামনে রেখে আরও এক লাখ টন চিনি ও পাঁচ হাজার টন ভোজ্যতেল মজুদ করার সুপারিশ করেন।সভাপতি বলেন, এসবের পাশাপাশি মশলাজাতীয় প্রয়োজনীয় পণ্যেরও পর্যাপ্ত মজুদ গড়া হবে। প্রয়োজনীয় এসব পণ্য আমদানির জন্যই টিসিবিকে এক হাজার কোটি টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে আমদানিকারকদেরও এসব পণ্য নিয়ে আসার জন্য উত্সাহ দেওয়া হচ্ছে।