রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।বর্তমান সরকার সেবার মনোভাব নিয়ে দেশ চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা রোধের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বমন্দা ও আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি সত্ত্বেও সরকার মানুষের কষ্টের কথা ভেবে বিদেশে থেকে বেশি দামে কিনে এনে কম দামে বিক্রি করছে, অসহায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে। দেশের প্রত্যেকটি মানুষের আয় বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এর পরও সীমিত আয়ের মানুষের যে কষ্ট হচ্ছে, তা সরকারের অজানা নয়।বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় এলে দেশের জনগণকে কিছু দেই, অথচ তারা এসে শুধু লুটপাট ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তারা মনে করেছে, আওয়ামী লীগকে ঠেকাতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে। এ জন্যই তারা এ সরকারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’দলীয় নেতা-কর্মীদের প্রতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছি। এবার নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার উপযুক্ত করে গড়ে তোলার মাধ্যমে জনগণের ক্ষমতা ও ভোটের অধিকার নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার মতো শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি এবং কমিশনের কার্যক্রমে যে কখনোই হস্তক্ষেপ করা হয়নি, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দেশবাসী তা দেখেছেন। এসব নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। ফলে জনগণ যাকে চেয়েছে, তিনিই নির্বাচিত হয়েছেন।’আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এ সভায় সংশ্লিষ্ট সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। বাসস।