রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজানে বাজার স্থিতিশীল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারা এ আশ্বাস দেন। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ও প্রথম সহ-সভাপতি মো. জসিমউদ্দিন ছাড়াও বিভিন্ন জেলা চেম্বারের সভাপতি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতিসহ প্রায় ২৫০ জন ব্যবসায়ী নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।জানা গেছে, বৈঠকে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যান্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে আলোচনা হয়। এ ছাড়া হরতাল ও তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ নিয়েও এ সময় আলোচনা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, হরতাল দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে এর তীব্র সমালোচনা করেন ব্যবসায়ীরা। তাঁরা হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, বরং শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন চান। বৈঠকে ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে দর বাড়ার কারণে স্থানীয় বাজারে দাম বেড়েছে। একই সঙ্গে দেশের শুল্কনীতির কারণেও পণ্যের দাম বাড়ে বলে তাঁরা জানান। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও শুল্ক বিভাগ আগের দামে শুল্কায়ন করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কমানো সম্ভব হয় না।ব্যবসায়ীরা বলেন, ব্যাংকঋণের উচ্চ সুদের হার ও ডলারের মূল্য বাড়ার কারণে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। তা ছাড়া ব্যাংকগুলোতে তারল্য-সংকটের কারণে সময়মতো ঋণপত্র খুলতে না পারায় অনেক পণ্যের সরবরাহ বাড়ছে না। তাঁরা ব্যাংকঋণের সুদের হার কমানো ও তারল্য-সংকট কাটানোর জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চান। বৈঠকে ভোজ্যতেল মিলমালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকলে তাঁরা আসন্ন রমজানে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবেন। তাঁরা রমজান পর্যন্ত ডিও প্রথা বহাল রাখার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী ধৈর্য ধরে তাঁদের কথা শোনেন এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। ব্যবসায়ীরা হরতালের সময় তাঁদের কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান। প্রধানমন্ত্রী তাঁদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘হরতালের সময় ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবেন। কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’