রমজানে প্রতি কেজি সয়াবিনের খুচরা মূল্য ৮০ টাকা
আসন্ন রমজান উপলক্ষে ভোজ্যতেলের দর নির্ধারণ করে দিয়েছে সরকার। মিলগেটে প্রতি কেজি খোলা সয়াবিন তেল ৭৬ টাকা, পাম সুপার তেল ৭২ টাকা এবং পাম তেল বিক্রি হবে ৬৯ টাকা দরে। বাজারে প্রতি কেজি সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮০ টাকা, পাম সুপার তেল ৭৬ টাকা এবং পামতেল ৭৩ টাকা। কাল শুক্রবার থেকে এ মূল্য কার্যকর হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এফবিসিসিআই, ভোজ্যতেল পরিশোধনকারী সমিতি এবং ভোজ্যতেল আমদানিকারকদের সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ দর নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ভোক্তাদের পক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পবিত্র রমজানে ভোক্তা সাধারণের সুবিধার জন্য দরগুলো নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। মিল গেটের দরের চেয়ে কেউই চার টাকার বেশি মুনাফা করতে পারবেন না বলে হুশিয়ার উচ্চারণ করেন তিনি। বাণিজ্য সচিব সাংবাদিকদের জানান, ‘নির্ধারিত দরেই মিলার ও খুচরা দোকানদারদের ভোজ্যতেল বিক্রি করতে হবে। এই দর অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর অনৈতিকভাবে কেউ মূল্য বেশি নিলে অবশ্যই শাস্তি পেতে হবে তাদের।’ বৈঠকে অতিরিক্ত বাণিজ্য সচিব এম মর্তুজা রেজা চৌধুরী, যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, ভোজ্যতেল পরিশোধনকারী সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।