চট্টগ্রামে কর্মকর্তাদের বৈঠক
রমজানে বড় কারখানায় সন্ধ্যায় সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত
পবিত্র রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যায় চট্টগ্রামের বড় শিল্পকারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ ছাড়া কোনো বিক্রয় ও বিতরণ এলাকায় বরাদ্দ বিদ্যুতের চেয়ে বেশি ব্যবহার করলে ওই এলাকার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত পিডিবি, পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (আরইবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পিডিবির কর্মকর্তারা জানান, একটি এলাকায় বরাদ্দের চেয়ে বেশি বিদ্যুৎ নিলে অন্য এলাকায় ঘাটতি হয়। এতে আন্ডার ফ্রিকোয়েন্সি সমস্যা দেখা দেয়। তখন অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুতের লোডশেডিং করতে হয়। বৈঠকের পর পিডিবির কর্মকর্তারা জানান, বড় শিল্পকারখানাগুলো বন্ধ থাকলে অন্তত ১০০ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এ বিদ্যুৎ বিভিন্ন বিক্রয় ও বিতরণ কেন্দ্রে সরবরাহ করা গেলে লোডশেডিং কিছুটা হলেও কমবে। চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ব্যস্ত সময়ে সাড়ে ৬০০ মেগাওয়াটের বেশি। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৪০০ মেগাওয়াট। চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ব) মো. রইস উদ্দিন প্রথম আলোকে জানান, বড় শিল্পকারখানাগুলো বন্ধ থাকলে ১০ শতাংশের বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। তা ছাড়া রমজানে বিদ্যুৎ সরবরাহ তদারক করতে সব বিক্রয় ও বিতরণ কেন্দ্রে আলাদা কমিটি করা হয়েছে। সভায় অভিযোগ করা হয়, কোনো এলাকায় বিদ্যুৎ চলে গেলে কিংবা ট্রান্সফরমার নষ্ট হলে সেখানকার গ্রাহকেরা ফোন করলেও নির্বাহী প্রকৌশলীরা ফোন ধরেন না। প্রধান প্রকৌশলী সব নির্বাহী প্রকৌশলী ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রাহকের ফোন ধরে বিদ্যুতের পরিস্থিতি সম্পর্কে জানাতে নির্দেশ দেন।