রমজানের আগে দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্ধে হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেআইনিভাবে মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এর ওপর শুনানি হয়। আগামী মঙ্গলবার আবারও শুনানি অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। রিটে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। মনজিল মোরসেদ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠন করে ঢাকা ও চট্টগ্রামের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাইকারি বাজার ও হাটবাজারগুলো তদারকির নির্দেশনা চাওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে বলে তিনি জানান।