রমজানের আগেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা: শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন রমজান মাসের আগেই পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নিম্ন্নতম মজুরি ঘোষণা করা হবে। জাতীয় সংসদে আজ সোমবার মোহাম্মদ শাহ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকার মজুরি কমিশন করেছে। মালিক-শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই তা করা হয়েছে। আগামী মাসের মধ্যে তা ঘোষণা করা হবে। গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক পক্ষের সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকারকে বন্ধু মনে করে আলোচনা করলে গার্মেন্টস সমস্যার সমাধান হয়ে যাবে।মন্ত্রী জানান, ব্যক্তিমালিকানাধীন ৪২টি শিল্প সেক্টরের মধ্যে এ পর্যন্ত ২১টি সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। বাকিগুলোর মজুরি ঘোষণার কার্যক্রম চলছে। গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আধুনিক ও যুগোপযোগী খসড়া শ্রমনীতি প্রণয়ন করা হয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত করা হবে। মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির জন্য সরকারি চেষ্টা অব্যাহত রয়েছে। ২০০৯ সালে যুক্তরাজ্যে এক হাজার ২৫৩ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া রুমানিয়ার গার্মেন্টস শিল্পে এবং পোল্যান্ডে কৃষিকাজে বেশ কিছু বাংলাদেশি কর্মী কর্মসংস্থান লাভ করেছে।বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুয়েতে বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, কুয়েত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যক্রম শুরু করেছে। শিগগিরই দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে।