রমনা থানার মামলায় জামিন পেলেন পাপিয়া
গত জুন মাসে হরতালের সময় রমনা থানায় দায়ের করা একটি মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপির সাংসদ ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিনজন। আজ সোমবার মহানগর হাকিম শাহদাত হোসেন এ জামিন-আবেদন মঞ্জুর করেন।জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন আইনজীবী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।অন্যদিকে হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় এ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।আদালতে এ মামলার প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন না করায় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এম এ জলিলকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ তিনজনকে মৎস্য ভবনের মোড় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর এবং সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক সোলায়মান হোসেন। এ মামলায় ওই তিন আইনজীবীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।