রমনা মসজিদের ইমাম খুনের কারণ জানতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইসহাক (৫০) খুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে, শুধু ইমামকে খুন করতেই শেওড়াপাড়ায় ওই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে ওই ফ্ল্যাট থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়।গত ২০ ডিসেম্বর দুপুর থেকে নিখোঁজ হন ইমাম মোহাম্মদ ইসহাক। ১০ দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের তালা ভেঙে হাতে-পায়ে শেকল বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় শেরেবাংলা নগর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।ইমাম ইসহাক নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি অপহরণ মামলা ও লাশ উদ্ধারের পর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রমনা ও শেরেবাংলা নগর থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। তবে এখনো ঘটনার ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তে কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না। এ খুনের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা বা অন্য কোনো লেনদেন নিয়ে কোনো বিরোধ আছে কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা।মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার দারোগা আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ঘটনাটি পরিকল্পিত। শুধু ইসহাককে খুন করার জন্যই শেওড়াপাড়ার ওই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। মাসুদ রানা নামের যিনি বাসাটি ভাড়া নিয়েছিলেন, তাঁর নাম-ঠিকানা ভুয়া। তাঁকে খোঁজা হচ্ছে।পুলিশ জানায়, কথিত মাসুদ মাসে ১৪ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ভাড়া ও অগ্রিম বাবদ ডিসেম্বর মাসে বাড়িওয়ালাকে ৩৪ হাজার টাকা দিয়েছিলেন তিনি। ইতালি-প্রবাসী বোন ও দুলাভাই ওই বাড়িতে থাকবেন বলে তিনি বাড়িওয়ালাকে জানিয়েছিলেন।তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইমাম নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের কেউ যোগাযোগ করেনি। এ থেকে তাঁদের ধারণা, মুক্তিপণের জন্য তাঁকে কেউ অপহরণ করেনি। তদন্তকারীরা জানতে পারেন, নিহত ইমাম ইসহাকের চার ভাই বিদেশে থাকেন। তাঁরা দেশে যে অর্থ পাঠাতেন, তিনি সে অর্থ বিভিন্ন জায়গায় কাজে লাগাতেন। এ ছাড়া গোপালগঞ্জের একটি মাদ্রাসা ও রাজধানীর কয়েকটি সমিতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এসব নিয়ে কোনো বিরোধ আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।