রমনা মসজিদের ইমাম হত্যা মামলায় গ্রেপ্তার ৩
রাজধানীর রমনা মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইসহাক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন—বায়েজিদ কাজী (৪২), নাজিম উদ্দিন (৪০) ও উজ্জ্বল। আজ শনিবার ভোরে গোপালগঞ্জের গোপীনাথপুরের কাজীপাড়া থেকে বায়েজিদকে এবং ঢাকার বাড্ডা এলাকা থেকে নাজিম উদ্দিন ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মুনিরুল ইসলাম আজ প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল প্রাথমিক তদন্তে জানতে পারে যে হত্যাকারী পরিকল্পিতভাবে হাফেজ ইসহাককে অপহরণের পর হত্যা করেছে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিকল্পনাকারী ও হত্যাকারীদের শনাক্ত করে পুলিশ। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশ আজ সকালে গোপালগঞ্জের গোপীনাথপুরের কাজীপাড়া থেকে বায়েজিদ কাজীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বায়েজিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁদর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে নাজিম উদ্দিন ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।বায়েজিদ গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, নিহত ইসহাকের সঙ্গে তাঁর মালয়েশিয়া প্রবাসী চাচাতো ভাই আবদুর রহিমের ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বায়েজিদ ও তাঁর সহযোগীরা ভাড়া করা খুনি দিয়ে ইসহাককে খুন করে।ডিবির সহকারী কমিশনার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, হত্যার পরিকল্পনার দায়িত্ব ছিল বায়েজিদের দুলাভাই ইকরাম খানের ওপর। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা যায়নি।উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর জোহরের নামাজের পর রমনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইসাহাক নিখোঁজ হন। পরে ১ জানুয়ারি শেরেবাংলা নগর থানার পুলিশ ৫৪৯/এ পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণীর একটি ভবনের চতুর্থ তলা থেকে ইসহাকের গলিত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত ইসহাকের ভাই হাফেজ মো. শোয়াইব বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।