রমনাজুড়ে বাংলার ঐতিহ্য (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগের রমনা পার্কজুড়ে বাংলার ঐতিহ্যের সমারোহ। সেখানে আজ বসেছে কামার-কুমোরপাড়া, নৌকাবাইচ, জব্বারের বলী খেলা, পুতুলনাচের আসর। কোথাও রবীন্দ্র বা নজরুলসংগীত, কোথাও গম্ভীরা, ভাওয়াইয়া বা লালনের গানের সুর। রমনা পার্কে আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে বাংলালিংক বাংলাদেশ উত্সব, যা রাত ১০টা পর্যন্ত চলবে। উত্সব সবার জন্য উন্মুক্ত। ছুটির দিনে নগরবাসীর জন্য এ এক অন্য রকমের পাওয়া। অন্য রকমের আনন্দ। এ যেন শিকড়ে ফিরে যাওয়া। নগরবাসী আজ হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া সংস্কৃতির সঙ্গে মেলাচ্ছে নিজেদের। সেই সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে। সকালে উত্সবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংগঠক কামাল লোহানী। ছিলেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান ও বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয়সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের পাঁচজন শিল্পী তপন মাহমুদ, অনুপ ভট্টাচার্য, বুলবুল মহালনবীশ, শাহীন সামাদ ও তিমির নন্দী। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন কামাল লোহানী, মতিউর রহমান ও শিহাব আহমেদ। কামাল লোহানী বলেন, বাংলার একেক অঞ্চলে একেক বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন অঞ্চলের এসব বৈশিষ্ট্য এক জায়গায় উপস্থাপন করে এই উত্সব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, ‘এ রকম উদ্যোগ নেওয়া উচিত ছিল রাষ্ট্রের। এ ধরনের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পুঁজি করে হাতে হাত ধরে বাঁচার প্রেরণা জোগায়।’ ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ডিসেম্বর উত্সবের মাস। আমাদের স্বাধীনতা আন্দোলনে নাটক, সিনেমা, শিল্প, সাহিত্য ভূমিকা রেখেছে। রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের সাহিত্য, কাব্য, গান আমাদের জীবনকে সঞ্জীবিত করেছে। আমরা ৪০ বছরে নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে গেছি। তার পরও আমরা বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে চলেছে।’ তিনি বলেন, ‘বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সুন্দর ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে।’ বাংলাদেশ উত্সবে কিংবদন্তির মঞ্চে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা। থাকছে মরমি সাধক লালন শাহর বাউলসংগীতও। চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে চিত্রাঙ্কনও উপভোগ করছেন দর্শকেরা। উত্সবে রয়েছে সমৃদ্ধ লোকগানের রাজ্য। সেখানে বসেছে গম্ভীরা ও ভাওয়াইয়া গানের আসর। আছে শাহ আবদুল করিমের লোকগীতি ও হাসন রাজার গান। বাংলার সব ঐতিহ্যবাহী খেলার আসর জমেছে ঐতিহ্যের খেলাঘরে। সেখানে দর্শকদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, জব্বারের বলী খেলা, গ্রাম-বাংলার গরুর গাড়ি, কামার ও কুমোরপাড়ার জীবনচিত্র, ঢেঁকি আর জামদানির বুনন প্রদর্শনী। সব উপভোগ করতে করতে বাঙালি হিসেবে আবারও গর্বে ভরে উঠেছে দর্শকদের মন।

ছেলেবেলার গ্রামবাংলার মেলার কথা কম-বেশি সবারই মনে আছে আমাদের। উত্সবের গ্রামবাংলার মেলায় গেলে মন ভরে উঠবে সেই স্মৃতিতে। বিশেষ করে শিশুদের জন্য এটি খুব উপভোগ্য। মেলায় আছে নাগরদোলা, পুতুলনাচ, বই পাড়া, ঢুলি, জাদু আর সার্কাস। আছে মুড়ি-মুড়কি, পিঠার মতো মজাদার সব খাবারও। সারা দিন মেলার এসব আনন্দের পরে দিন শেষে থাকছে অন্য রকম আয়োজন। আব্দুন নূর তুষারের উপস্থাপনায় দেশের প্রখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড দলগুলোর পরিবেশনায় শুরু হবে মেগা কনসার্ট। রয়েছে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশার, ফাতেমা তুজ জোহরা, সাদী মহম্মদ, বারী সিদ্দিকী, এস আই টুটুল, দলছুট, মাকসুদ ও ঢাকা, লালনের গানে জমজমাট সংগীতসন্ধ্যার আয়োজন। উত্সবের সহযোগী প্রথম আলো। মিডিয়া পার্টনার এনটিভি ও রেডিও টুডে। যাঁদের মেলায় যাওয়ার সুযোগ নেই, তাঁরা ঘরে বসে এনটিভিতে দেখতে পারবেন উত্সব।