রমনার আকাশে তাজা গুলির শব্দ
ঢাকা কলেজে আমার অবস্থানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ২১ ফেব্রুয়ারি ১৯৫২, বৃহস্পতিবার অপরাহ্নে (বৃহস্পতিবার বারবেলাতে?) ছাত্রদের ওপর পুলিশের অকস্মাত্ গুলিবর্ষণ। সেদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় আর ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ নিয়ে স্কুল-কলেজের ছাত্রদের ভিড় রমনার পিচঢালা পথে, বর্তমান মেডিকেল কলেজ থেকে আজকার শহীদ মিনার পর্যন্ত। আর বর্তমান বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গন তখন ছিল উন্মুক্ত খেলার মাঠ। কাছাকাছি একটি জলাশয়ের কথাও মনে পড়ে। কারণ, কাঁদানে গ্যাসের ভুক্তভোগী হিসেবে ভিজে রুমালে চোখ মুছতে হয়েছিল। এলাকায় তখন ১৪৪ ধারা জারি। পাঁচজনের একজোট হওয়া বারণ। তাই পাঁচজননাধিক খণ্ড মিছিলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ অর্থাত্ বর্তমান মেডিকেল কলেজের পূর্ব কোণ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেরিয়ে এসে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করলেন বিপুল আগ্রহ আর উদ্দীপনায়। আমরা তখন বর্তমান বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনের আশপাশে। দ্রুত বিবর্তিত ঘটনাবলির স্মৃতি আজ ঝাপসা। ইটপাটকেল, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, চরম উত্তেজনা। বর্তমানের জগন্নাথ হল তখন ছিল প্রাদেশিক পরিষদ। অধিবেশন চলছিল তখন সেখানে যতদূর মনে পড়ে অপরাহ্ন গড়ানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার ছাত্র, পুলিশের মুখোমুখি, পরিষদমুখী। আমরাও সেই দলে। বিকেল তিনটার দিকে গুলি ছোড়ার মুহূর্তটিতে আমার কিন্তু মনে পড়ে, উত্তেজনা যেন ছিল কিছুটা চাপা, কিছুটা যেন প্রশমিত।সেই ক্ষণেই পুলিশের চিত্কারে শোনা গেল কিছু অস্পষ্ট ঘোষণা। কিছু পুলিশ এগিয়ে গেল মেডিকেল কলেজের সেই সময়ের ব্যারাকগুলোর দিকে। তারপর রমনার আকাশে এই প্রথমবারের মতো প্রতিধ্বনিত হলো তাজা গুলির শব্দ। রমনার শ্যামলে প্রথমবারের মতো ঝরল লাল তাজা রক্ত। রমনার বাতাস ছড়িয়ে দিল, একটি স্লোগান। রাষ্ট্রভাষা বাংলা চাই। প্রদেশের দূর-দিগন্তে, মানুষের অনুভূতির গভীরে। রমনার মাটিতে সেই অপরাহ্নেই গ্রথিত হলো স্বাধীনতার বীজ। সেই অপরাহ্নেই সদ্য রোপিত স্বাধীনতার বীজ পেল তার প্রথম রক্ত সেচ। রমনায় চিরস্মরণীয় সেই অপরাহ্নেই যেন হলো আমাদের মুক্তিযুদ্ধের সূচনা।ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব।সূত্র: প্রিয় ফারজানা