রমনার ইমাম হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল
রাজধানীর রমনা থানা মসজিদের ইমাম মো. ইসহাক হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামি হলেন—কাজী বায়েজীদ, ইকরাম খান ও মুরাদ হোসেন। খালাস পাওয়া দুজন হলেন, আবদুর রহিম সরদার ও মো. নাজিম উদ্দিন। ২০১১ সালের ২১ ডিসেম্বর নিম্ন আদালত ওই মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। তিন আসামি আপিল করেন। শুনানি নিয়ে আজ আদালত রায় দেওয়া শেষ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী মামলা পরিচালনা করেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, শেখ ফজলে নূর তাপস ও আবদুল আজিজ।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট কাজী বায়েজীদসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তবে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. নামিজউদ্দিন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুর রহিমকে খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২০ ডিসেম্বর রমনা থানা মসজিদের ইমাম মো. ইসহাককে অপহরণের করে হত্যা করা হয়। পত্রিকার মাধ্যমে এক অজ্ঞাতনামা লাশের খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইসহাকের লাশ শনাক্ত করেন তাঁর ভাই শুয়াইব। এ ঘটনায় শুয়াইব বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রমনা থানায় মামলা করেন। এ মামলার ২০১১ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন রায় দেন। রায়ে আসামি আবদুর রহিম সরদার, কাজী বায়েজীদ, ইকরাম ওরফে মাসুদ ও মুরাদ হোসেনকে মৃত্যুদণ্ড এবং মো. নাজিমুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে ইকরাম ও মুরাদ পলাতক।