রমনার বটমূলে সরব থাকবে ছায়ানট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে সূর্যোদয়ের পর রমনার বটমূলে কথা আর সুরে নববর্ষকে আবাহন করবে ছায়ানট। জীর্ণ পুরোনোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার উদ্দীপনায় এ আয়োজনে থাকবে প্রকৃতি, দেশ আর মাটির গন্ধ। ভোর সোয়া ছয়টায় সকালের সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এ ছাড়া থাকবে বাংলার পঞ্চকবি আর মাঠঘাটের লোকগানের একক ও সমবেত পরিবেশনা এবং আবৃত্তি। দুই ঘণ্টার এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ও সংগীতায়তনের শিক্ষার্থী ছাড়াও অংশ নেবেন আমন্ত্রিত শিল্পীরা।গতকাল বুধবার ছায়ানটের রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। তিনি জানান, ছায়ানটের অনুষ্ঠানটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বিটিভি ও বেতারের অনুমতি নিয়ে বেসরকারি চ্যানেলগুলোও অনুষ্ঠানটি সম্প্র্রচার করতে পারবে। এ ছাড়া সারা পৃথিবীর মানুষ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন www.chhayanaut. এবং www.drik.tv ওয়েবসাইটে।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারও ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে বটমূলের বিশাল সমাবেশকে ঘিরে বিশেষ নিরাপত্তা দেবে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুষ্ঠানে সহায়তা দিচ্ছে গ্রামীণফোন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী, কোষাধ্যক্ষ প্রদীপ নাগ এবং গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমিদ আজিজুল হক।