রমনার বুকে বাংলার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক-কামার-কুমোর-জেলে-তাঁতিদের নিয়ে বাংলার এক গ্রাম। কুমোর মাটির তৈজস বানাতে ব্যস্ত। লোহা পেটানোর শব্দ চারদিকে। তার সঙ্গে মিশেছে তাঁতির মাকুর খটখট আর গ্রাম্য নারীর ঢেঁকিতে পাড় দেওয়ার ছন্দ। গ্রামের পাশে বয়ে যাওয়া ছোট্ট নদী। বছরের ১২ মাসে ১৩ পার্বণের এই গ্রামে আছে রাখালের বাঁশির সুর আর আগমনী গান গাওয়া বোষ্টমী।রাজধানীর নগরজীবনে গ্রামের এই আদল ফুটিয়ে তোলা হয়েছিল গতকাল রমনা উদ্যানে বাংলাদেশ উৎসবে। যেন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ছবি ফুটে উঠেছিল রমনার বুকে। মুক্তিযুদ্ধের মহান বিজয়ের মাসে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে উৎসবে মেতে ওঠার এই আয়োজন করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। উৎসবের সহযোগী ছিল প্রথম আলো। রমনা উদ্যানে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য, তপন মাহমুদ, শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ ও তিমির নন্দী। কামাল লোহানী বলেন, ‘বাংলার একেক অঞ্চলে একেক বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন অঞ্চলের এসব বৈশিষ্ট্য এক জায়গায় উপস্থাপন করে এ উৎসব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পুঁজি করে হাতে হাত ধরে বাঁচার প্রেরণা জোগায়।’ মতিউর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ, নজরুল ও লালনের সাহিত্য, কাব্য, গান আমাদের জীবনকে সঞ্জীবিত করেছে। আমরা ৪০ বছরে নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে গেছি। তার পরও বাংলাদেশ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে আমাদের অর্জন উল্লেখযোগ্য।’ শিহাব আহমেদ বলেন, একটি মোবাইল ফোন কোম্পানি হিসেবে বাংলালিংক মানুষে মানুষে সংযোগ বা যোগাযোগ ঘটানোর কাজ করে। এ কথার সংযোগের পাশাপাশি এ উৎসব হলো সংস্কৃতির সংযোগের প্রয়াস।গতকাল ছুটির দিনে নগরবাসীর জন্য এ এক অন্য রকমের পাওয়া। অন্য রকমের আনন্দ। এ যেন শিকড়ে ফিরে যাওয়া।ভিকারুননিসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বুশরা বাবার হাত ধরে এসেছিল উৎসবে। তার সবচেয়ে ভালো লেগেছে পুতুলনাচ। ওদের গ্রামের বাড়ি কুমিল্লায়। বলল, উৎসবে এসে সেই গ্রাম গ্রাম ভাবটাই পাচ্ছে বলে খুব ভালো লাগছিল। ছেলে কাব্য আর দীব্যকে নিয়ে এসেছিলেন রঞ্জন দাস। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। দেশে এসেছেন ছয় সপ্তাহ থাকবেন বলে। উৎসবস্থলে জামদানি শাড়ির তাঁত ছিল। সেটাই দেখাচ্ছিলেন ছেলেদের। বললেন, ‘ওরা এসব কখনো দেখেনি। এভাবেই কিছু পরিচয় করিয়ে দিচ্ছি শিকড়ের সঙ্গে।’ উৎসবে হাজার হাজার মানুষের ঢলে বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এঁদের একজন মার্টিন ব্রাইস। ইংল্যান্ডের নাগরিক, বাংলা বোঝেন না। তবে লোকগান তাঁর খুব ভালো লেগেছে বলে জানান। বাংলার সব ঐতিহ্যবাহী খেলার আসর জমে ওঠে ঐতিহ্যের খেলাঘরে। সেখানে দর্শকদের জন্য ছিল ঐতিহ্যবাহী নৌকাবাইচ, জব্বারের বলীখেলা, গ্রামবাংলার গরুর গাড়ি, কামার ও কুমোরপাড়ার জীবনচিত্র, ঢেঁকি আর জামদানির বুনন প্রদর্শনী। এ ছাড়া পথের পাশ দিয়ে বসেছিল হরেক পণ্যের পসরা। বিকেলে জমজমাট আয়োজন: মধ্যাহ্ন বিরতির পর বিকেলে জনসমুদ্র হয়ে ওঠে রমনা। বাংলাদেশ উৎসবে অংশ নিতে স্ত্রী-সন্তানদের নিয়ে চাকরিজীবী, তরুণ-তরুণীরা সবান্ধবে রমনা অভিমুখে যাত্রা করেছিলেন দুপুরের পর থেকেই। অবশ্য সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যাঁরা এসেছিলেন, মধ্যাহ্ন বিরতির সময় তাঁদের অনেকে উদ্যানেই থেকে গিয়েছিলেন। বিকেলের পর্বে লোকসমাগমে উদ্যান জনসমুদ্র হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই। উদ্যানের উত্তর পাশের খোলা চত্বরে তৈরি মঞ্চের দিকে বিপুল জনসমাগম সামলানো অত্যন্ত দুরূহ হয়ে উঠেছিল। স্রোতের মতো আসতে থাকা লোকজনকে সুশৃঙ্খলভাবে বসিয়ে অনুষ্ঠান শুরু করতেই প্রায় সন্ধ্যা ঘনিয়ে এল। ‘সময় গেলে সাধন হবে না’ লালনের গান দিয়ে গানের পালা শুরু করেছিল গানের দল ‘লালন’। তাদের আরেকটি গান ছিল ‘বসন্ত বাতাসে সই গো’ এর পরপরই মাগরিবের নামাজের বিরতি।সন্ধ্যার পরে মিলন মাহমুদ গেয়ে শোনান শাহ আবদুল করিমের গান ‘আমি কুলহারা কলঙ্কিনী’। পারভেজ পরিবেশন করেন হাসন রাজার গান ‘লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা না আমার’। সাদি মহম্মদ শোনান রবীন্দ্রনাথের গান ‘মায়াবন বিহারিনী’। ফাতেমা-তুজ-জোহরা শোনান নজরুল, ‘আমি পূরব দেশের পূর নারী’। মুক্তিযুদ্ধের প্রেরণা জাগানো গান ‘নোঙর তোলো তোলো’ পরিবেশন করেন এস আই টুটুল। এরপর মঞ্চে আসেন বারী সিদ্দিকী। তিনি গেয়ে শোনান উকিল মুন্সীর গান ‘আষাঢ় মাইস্যা ভাসা পানিরে পূবালী বাতাসে।’ সিনেমার জনপ্রিয় গান ‘আমার সারা দেহ খেয়োগো মাটি’ গেয়ে শোনান এন্ড্রু কিশোর। তাঁর পরের গানটি ছিল ‘জীবনের গল্প’। এরপর মঞ্চে আসেন সাবিনা ইয়াসমীন। ‘সেই রেললাইনের ধারে মেঠোপথটির পাশে দাঁড়িয়ে...’ গেয়ে শোনান তিনি। পরের গানটি ছিল ‘হায়রে কপাল মন্দ’। দর্শক তাঁকে ছাড়তে চাইছিল না। বিপুল অনুরোধে তিনি ও এন্ড্রু কিশোর ‘কী দিয়া মন কাড়িলা ও বন্ধুরে’ এবং ‘সব সখীরে পার করিতে’ গান দুটি দ্বৈত কণ্ঠে গেয়ে আসর জমিয়ে দেন। এরপর ছিল দেশ নাটকের পরিবেশনায় ঐতিহ্যবাহী সংযাত্রা। এরপর ছিল দলছুট এবং মাকসুদ ও ঢাকার পরিবেশনা। বেশ রাত অবধি জমজমাট ছিল রমনার এই উৎসব।