রমনায় ইমাম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা মসজিদের ইমাম মো. ইসহাককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন আজ বুধবার এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—আবদুর রহিম সরদার, মো. নাজিম উদ্দিন, ইকরাম ওরফে মাসুদ ও মুরাদ হোসেন। আর যাবজ্জীবন প্রাপ্ত আসামি হলেন কাজী বায়েজীদ। এঁদের মধ্যে ইকরাম ও মুরাদ পলাতক। তবে রায় ঘোষণার আগে বাকি তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।নিহত ইমামের ভাই ও বাদী শুয়াইব আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ন্যায়বিচার হয়েছে। তিনি পলাতকদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করতে সরকারকে অনুরোধ জানান।আদালত এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য নেন।প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর মো. ইসহাককে অপহরণ করে হত্যা করা হয়। পত্রিকার মাধ্যমে এক অজ্ঞাতনামা লাশের খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইসহাকের লাশ শনাক্ত করেন ভাই শুয়াইব। পরে তিনি এ ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ৯ এপ্রিল পাঁচজন আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন পেশ করে। মামলার তদন্তকালে জানা যায়, লবণ কেনাবেচাকে কেন্দ্র করে আসামি আবদুর রহিমের সঙ্গে ইসহাকের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামি ইকরাম, মুরাদসহ অন্য আসামিরা ইসহাককে অপহরণ করে রাজধানীর শেওড়াপাড়ার একটি ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।