রমনায় পৌষমেলা কাল থেকে
ঢাকায় এখন মৃদু শীত। পৌষমেলা উদ্যাপন পর্ষদ পৌষের শেষ বেলায় আয়োজন করছে তিন দিনের পৌষমেলা। এবার মেলা হবে তিন দিনের। শুরু হবে কাল শুক্রবার রমনার বটমূলে।মেলার কর্মসূচি নিয়ে গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেলা উদ্যাপন পর্ষদের সদস্যসচিব বিশ্বজিৎ রায়। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাবুল বিশ্বাস, মানজার চৌধুরী প্রমুখ।তাঁর জানান, এবার ত্রয়োদশতম মেলা অনুষ্ঠিত হচ্ছে। বটমূলে দেশের বিভিন্ন অঞ্চলের লোক ও কারুপণ্যের সম্ভার নিয়ে স্টল করা হবে। এখানে শীতের পিঠাপুুলিরও আয়োজন থাকেবে। প্রতিদিন দুটি পর্বে অনুষ্ঠান থাকবে। আইলা জ্বালিয়ে সকাল সাতটা ১৫ মিনিটে মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বিকেলের অধিবেশন চারটা থেকে শুরু।উদ্বোধনী দিনে সম্মিলিত যন্ত্রবাদন দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। প্রতিদিনের অনুষ্ঠানে থাকবে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য, সংযাত্রা ও পালাগান। ঢাকার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পীরা মেলার অনুষ্ঠানে অংশ নেবেন।