রমনায় স্কাউটের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে তখন সকাল আটটা বাজে। ইউনিফর্ম পরা একদল শিশুকে দেখা গেল রমনা উদ্যানে। তাদের কারও হাতে কোদাল, কারও হাতে বেলচা, কারও হাতে ঝাড়ু, কারও কারও হাতে ঝুড়ি। সবাই ছোট ছোট কয়েকটি দলে ভাগ হয়ে উদ্যানের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। এরপর তারা উদ্যানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা কুড়োতে লাগল। এসব আবর্জনা তারা নির্দিষ্ট একটি স্থানে জমা করল। আর এভাবেই পুরো রমনা উদ্যান আবর্জনামুক্ত হয়ে উঠল।উদ্যান পরিচ্ছন্নতার এ কাজটি করেছে বাংলাদেশ স্কাউটের ঢাকা মহানগর শাখার সদস্যরা। ৬ মে রমনা উদ্যান পরিচ্ছন্নতার এই অভিযান শুরু হয়। বাংলাদেশ স্কাউটের ঢাকা মহানগর শাখা এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। এতে আবর্জনা পরিবহনের দুটি গাড়ি দিয়ে সহযোগিতা করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি)।পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে মুগদাপাড়ার কাজী জাফর আহমেদ উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রাকিব মোল্লা। সে বলল, ‘আমরা খেলার ছলেই পার্ক পরিচ্ছন্নতার কাজটি করেছি। তাই এটা আমাদের কাছে এক রকমের বিনোদন।’পরিচ্ছন্নতা অভিযানের সংগঠক ও বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহতেশামুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের জন্য নগরে খেলার মাঠ তেমন নেই। বিনোদনের জন্য উদ্যানগুলোর পরিবেশও তেমন একটা ভালো নয়। তাই শিক্ষার্থীদের পরিবেশের বিষয়ে সচেতন করতে এই পরিচ্ছন্নতা অভিযান ভালো একটি উদ্যোগ বলে তিনি মনে করেন।রমনা উদ্যানে পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে বাংলাদেশ স্কাউটের ঢাকা মহানগর শাখার সম্পাদক মুকুল হোসেন মৃধা বলেন, ৬ মের উদ্বোধনী দিনের পরিচ্ছন্নতা অভিযানে নগরের ৪২টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা সবাই স্কাউটের সদস্য। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় ও শেষ শুক্রবার রমনা উদ্যানে তারা এভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। এতে পর্যায়ক্রমে অংশ নেবে ঢাকা মহানগর স্কাউটের ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।মুকুল হোসেন মৃধা আরও জানান, কেবল রমনা উদ্যান নয়, ভবিষ্যতে নগরের অন্যান্য উদ্যান ও খেলার মাঠও এই অভিযানের আওতায় এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এ ছাড়া নগরের উদ্যানের বিভিন্ন গাছ ও পাখি শিক্ষার্থীদের চেনানো হবে। সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার কাজও করা হবে। নগরের উদ্যান ও খেলার মাঠ ধূমপানমুক্ত করতেও তাঁরা কাজ করবেন। নগরের উদ্যানগুলোর ফাঁকা জায়গায় গাছ লাগানোর কার্যক্রমও নেওয়া হবে বলে তিনি জানান।