রমনায় সড়ক ভবনের সামনে বাসের ধাক্কায় ২ যুবক নিহত
রাজধানীর রমনা থানাধীন সড়ক ভবনের সামনে বাসের ধাক্কায় দুজন যুবক নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও রমনা থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই দুজন যুবক রাস্তা পার হওয়ার জন্য সড়ক ভবনের সামনে রমনা পার্কসংলগ্ন আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শাহবাগ থেকে আসা একটি বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে আইল্যান্ডের ওপর ওঠে যায়। এতে তাঁরা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসচালক ওই দুই যুবককে চাপা দেওয়ার পর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মত্স্য ভবনের কাছাকাছি গেলে জনতা বাসটি আটককে ভাঙচুর চালায়। তবে চালক পালিয়ে যান।রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ লুত্ফুর রহমান শরীফ নিহতদের একজনের বয়স ২০ বছর এবং অন্যজনের বয়স ৩০ বছর হবে বলে জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।