রমনি-বাইডেন প্রশাসন কি সম্ভব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুদিন পরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেটিক দলের বারাক ওবামা ও রিপাবলিকান দলের মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নির্বাচনের ফলাফল সমানও হতে পারে। আর সে রকম যদি হয়ই, তখন কী হবে? রাজনৈতিক বিশ্লেষকেরা এ সমস্যার একটা সমাধান বের করেছেন। তাঁরা বলছেন, ৬ নভেম্বরের নির্বাচনের ফলাফল সমান হলে প্রেসিডেন্ট হবেন রিপাবলিকান দলের, আর ভাইস প্রেসিডেন্ট হবেন ডেমোক্রেটিক দলের। তখন গঠিত হবে রমনি-বাইডেন প্রশাসন। আজ শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ওবামা তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন জো বাইডেনকে। রমনির রানিং মেট হিসেবে আছেন পল রায়ান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩৮টি ইলেকটোরাল ভোট আছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কোনো প্রার্থীকে ২৭০টি বা তার চেয়ে বেশি ইলেকটোরাল ভোট পেতে হয়। অর্থাত্, জয়ী হতে প্রার্থীর লক্ষ্যই থাকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে সম্ভাব্য সমতাসূচক ভোট হলো ২৬৯-২৬৯। এ পর্যন্ত কখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সমতার ঘটনা ঘটেনি। তবে ১৮৭৬ সালে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ১৮৫-১৮৪ এবং ২০০০ সালে জর্জ বুশ ও আল গোরের মধ্যে ২৭১-২৬৬ ইলেকটোরাল ভোট প্রাপ্তির ঘটনা ঘটেছিল। ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সমানে রেখে বিভিন্ন সংস্থা জনমত জরিপ করছে। এসব জরিপের ফলাফলে ওবামা ও রমনির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, নির্বাচনের ফলাফল সমান বা ২৬৯-২৬৯ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনা ঘটলে একটা অভূতপূর্ব দৃশ্য দেখা যেতে পারে। তখন প্রেসিডেন্ট দেখা যেতে পারে রিপাবলিকান দলের আর ভাইস প্রেসিডেন্ট হতে পারেন ডেমোক্রেটিক দলের। অর্থাত্, নির্বাচনের ফলাফল সমান হলে প্রেসিডেন্ট হবেন মিট রমনি আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখা যেতে পারে ডেমোক্রেটিক দলের জো বাইডেনকে। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখা হলো—ওবামা ও রমনির মধ্যে সমতা হলে মার্কিন সংবিধানের ১২তম সংশোধনী অনুযায়ী এ সমস্যার সমাধান হতে পারে। ওই সংশোধনী অনুযায়ী, সমতা হলে প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট বাছাই করবে। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরায় রিপাবলিকানদের হাতে যেতে পারে। তখন খুব স্বাভাবিকভাবেই প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট হিসেবে রমনিকে নির্বাচন করতে পারবে। অপরদিকে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর অর্থ, ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনকে সহজেই ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে সিনেট।