রমনি হারলেন যে কারণে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে রক্ষণশীল রিপাবলিকান প্রার্থী মিট রমনি সম্ভাব্য সবকিছুই করেছেন। এর পরও পরাজয় তাঁকে ছাড়েনি। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বিশ্লেষকসহ অনেকে অনেক কথাই বলছেন। এ ক্ষেত্রে কেউ বিতর্কে নিজেকে সঠিকভাবে তুলে ধরার ব্যর্থতাকে দায়ী করেছেন। কেউ আবার নির্বাচনী অঙ্গীকারে জনগণকে তাঁর খুশি করতে না পারার বিষয়টিকে দোষ দিয়েছেন। আজ বুধবার ‘হাফিংটন পোস্ট’-এ প্রকাশিত এক নিবন্ধে রমনির হেরে যাওয়ার কারণ সম্পর্কে একটি বিশ্লেষণ এভাবে তুলে ধরা হয়।রমনির সমর্থকেরা বলছেন, নির্বাচনের আগ মুহূর্তে হারিকেন স্যান্ডির আঘাত যুক্তরাষ্ট্রকে লন্ডভন্ড করে দিলেও প্রেসিডেন্ট ওবামাকে অনেকটাই এগিয়ে নেয়। কেননা তিনি ওই সময় নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ান। এতে তাঁর জনপ্রিয়তা অনেকটাই বেড়ে যায়।বিশ্লেষকদের মতে, অভিবাসন আইনের কড়াকড়ির বিরোধী পক্ষ, অভিবাসনের সমর্থক গোষ্ঠী, আগ্নেয়াস্ত্রের মালিক—এমন একক গোষ্ঠীকে যথেষ্ট পরিমাণে খুশি করতে পারেননি রমনি। মতাদর্শ নিয়ে বিভিন্ন রকম বুলি কপচালেও তিনি কোনো উপসংহার টানতে ব্যর্থ হন। একই সঙ্গে সরকার পরিচালনার বিষয়ে সঠিক কোনো দিক নির্দেশনাও তিনি দিতে পারেননি। সরকার পরিচালনার ক্ষেত্রে অবশ্য সুনির্দিষ্টভাবে কিছু বলার সুযোগ তাঁর ছিল। তিনি যখন ম্যাসাচুসেটসের গভর্নর ছিলেন, ওই সময় ডেমোক্রেটিক শাসনাধীনে থেকে স্বাস্থ্যসেবা-বিষয়ক একটি সার্বজনীন পরিকল্পনা তৈরিতে কাজ করেছেন। ওই অভিজ্ঞতা থেকে তিনি এ ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে পারতেন। সরকার পরিচালনার ক্ষেত্রে তাঁর রানিং মেট পল রায়ানের সঙ্গে পরিকল্পনা নিয়ে মতভেদ ছিল। রমনি ছিলেন সরকারের আকার ছোট করার পক্ষে। কিন্তু পল ছিলেন এর উল্টো অবস্থানে। এ জিনিসটিও ভোটারেরা ভালোভাবে গ্রহণ করেননি।