রমনিকে রহস্যময় বলে তুলে ধরার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হবুপ্রার্থী মিট রমনির নাকি বেশ কিছু গোপন তথ্য রয়েছে, যা অনেকেই জানে না। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামাশিবির সর্বশেষ এক প্রচারাভিযানে রমনির দিকে এই তির ছুড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওবামার সমর্থকেরা রমনিকে একজন রহস্যময় ব্যক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন। তাঁরা বোঝাতে চাইছেন যে রমনির সম্পদ ও কর্মকাণ্ড নিয়ে এমন অনেক গোপন তথ্য রয়েছে, যা তিনি কঠোরভাবে গোপন করতে চাইছেন।রিপাবলিকান সমর্থকেরাও যাতে রমনির কৌশল সম্পর্কে প্রশ্ন তোলেন, এটাই চায় ওবামাশিবির। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, সাক্ষাত্কার ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে ডেমোক্র্যাটরা রমনিকে নির্বাচনী লড়াইয়ে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে।এরই মধ্যে রমনি গত এক বা দুই বছর আগে তাঁর আয়কর দাখিলের তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। এতে প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি সততার সঙ্গে বেইন ক্যাপিটালে কাজ করেছেন? একই সঙ্গে ম্যাসাচুসেটসের গভর্নর ও সল্ট লেক সিটি অলিম্পিকসের প্রধান থাকাকালীন তাঁর কাজকর্মের যাবতীয় খতিয়ানও গোপন করে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। রমনির আড়ালের কথা তুলে ধরতে ওবামাশিবির নতুন একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছে। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের কৌশলও ঠিক এমনই ছিল। সেবার কিছু মার্কিন রক্ষণশীল ব্যক্তি বলেছিলেন, ওবামা আসলে ভেতরে ভেতরে মুসলিম। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি; আর তাই তাঁর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই। তবে ওবামার ধর্ম নিয়ে জন ম্যাককেইন (গত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী) কখনো মুখ খোলেননি। এবারও রমনির মর্মন ধর্ম নিয়ে খুব একটা বাড়াবাড়ি বা আলোচনায় যাচ্ছে না ওবামাশিবির। যদিও অনেক মার্কিনিদের কাছে মর্মন ধর্ম রহস্যময় মনে হয়। যুক্তরাষ্ট্রের সাবেক চারজন প্রেসিডেন্টের (দুজন রিপাবলিকান, দুজন ডেমোক্র্যাট) উপদেষ্টা ডেভিড জারগেন বিশ্বাস করেন, ওবামার নির্বাচনী প্রচারাভিযান দল রমনির গোপন বিষয় হিসেবে তাঁর ধর্মীয় বিশ্বাসকে আলোচনায় নিয়ে আসতে পারে।জারগেন বলেন, ‘আমরা কি জানি তিনি বেইন ক্যাপিটালে কী করেছিলেন। আমরা কি আসলেই তাঁর ধর্মীয় বিশ্বাস, তিনি কী করবেন, এমনকি তিনি কে?—এসবের কিছুই তো জানি না।’ সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে তুলনা: ওবামার সমর্থকেরা রমনির ধর্মকে এক পাশে রেখে অন্যান্য বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে তাঁদের যুক্তি-তর্ক তুলে ধরছেন। তাঁরা বলছেন, রিপাবলিকানরা দাবি করে রমনির ব্যবসায়িক অভিজ্ঞতা তাঁকে মার্কিন অর্থনীতি নির্ধারণ করার সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করেছে। ওবামাশিবির রমনির এই গোপীয়তাকে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে তুলনা করেছে, যিনি অতিমাত্রায় গোপনীয়তা রক্ষা করতে গিয়ে অভিশংসনের শিকার হয়ে ১৯৭৪ সালে পদত্যাগে বাধ্য হন। এ ধরনের আক্রমণকে রমনির প্রচারাভিযান দল অন্যায্য ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে। পাল্টা যুক্তি দিয়ে তারা বলছে, প্রেসিডেন্ট ওবামা তাঁর অর্থনীতির খতিয়ান থেকে দেশবাসীর মনোযোগ অন্যত্র সরাতে এই কৌশল বেছে নিয়েছেন।রমনি চান এ জন্য ওবামা যেন দুঃখ প্রকাশ করেন। কিন্তু ওবামার দল রমনির এ অনুরোধ প্রত্যাখ্যান করে; বরং রমনির এ ধরনের অভিযোগ সম্পর্কে ওবামার দল বলেছে, ধনী এই রিপাবলিকান ব্যক্তিটি এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে অভ্যস্ত নন। রমনি যা লুকাচ্ছেন বলে দাবি: ওবামা বারবার বলে আসছেন, রমনি তাঁর ব্যক্তিগত ২৫ কোটি ডলারের সম্পদ নিয়ে আলোচনা করতে চান না। রমনিও এ ব্যাপারে খুব একটা মুখ খুলছেন না। এটা নিয়ে খোদ রিপাবলিকানরাও কিছুটা নাখোশ। গত জানুয়ারিতে রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনের সময় চাপের মুখে রমনি ২০১০ সালে তাঁর কর দাখিলের বিবরণ প্রকাশ করেন। এর আগে তিনি কোনো ধরনের কর দাখিলের বিবরণ প্রকাশে অনীহা প্রকাশ করেন।আয়কর দাখিলের বিবরণে দেখা যায়, দেশের বাইরের ব্যাংকে রমনি ও তাঁর স্ত্রী অ্যানের কোটি কোটি ডলার আছে। এবং একসময় সুইস ব্যাংকেও তাঁদের হিসাব ছিল। প্রশ্ন উঠেছে, মার্কিন কর এড়াতে তাঁরা দেশের বাইরের ব্যাংকে অর্থ রেখেছিলেন।অনেকে ধারণা করছেন, রমনি যদি এভাবে তাঁর কর দাখিলের বিবরণ প্রকাশ না করার গোঁ ধরেন, তবে সেটা তাঁর জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।গত রোববার মার্কিন রক্ষণশীল বিশ্লেষক জর্জ উইল এবিসিকে বলেন, কর দাখিলের বিবরণ প্রকাশ করলে তা হয়তো রমনির জন্য কল্যাণের চেয়ে অকল্যাণই ডেকে আনবে বেশি। তাই তিনি তা প্রকাশ করতে চান না। টেনেসির লিপসকম্ব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যোগাযোগ বিভাগের অধ্যাপক লিন্ডা পিক বলেন, ওবামার সমর্থকদের প্রশ্নের জবাব দিতে রমনি যত দেরি করবেন, ওবামার আক্রমণ তত জোরদার হবে। তিনি বলেন, কর-স্বর্গখ্যাত ক্যামেন আইল্যান্ডে রাখা অর্থ নিয়ে রমনি কিছু না বললে, সেটা ভোটাররা মেনে নেবেন না। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেন, ‘এখন ওবামার লক্ষ্য হওয়া উচিত রমনিকে সত্যিকার অর্থেই একজন ধনী হিসেবে চিহ্নিত করা। যিনি যে উপায়ে অর্থ কামাই করেছেন ও যেভাবে তা লুকানোর চেষ্টা করছেন, তাতে জনগণ আপত্তি তুলতেই পারে।’ জারগেন বলেন, এভাবে বারবার আক্রমণাত্মক কৌশল প্রয়োগে রমনিকে ঘায়েল করে ওবামা হয়তো সফল হবেন। কিন্তু ক্ষমতায় গিয়ে রিপাবলিকানদের সঙ্গে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়বে। এ ধরনের বাক্যবাণে অনেক সময় খোদ আক্রমণকারীরাও আহত হন।