রমনির কারণে নারীস্বাস্থ্য ঝুঁকিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে সম্প্রতি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে নারীদের কাছে খুবই জনপ্রিয় ‘প্ল্যানড প্যারেন্টহুড’ নামের চিকিত্সাকেন্দ্রগুলো। ফলে দেশটির অপেক্ষাকৃত গরিব নারীরা বঞ্চিত হবেন দৈনন্দিন অনেক স্বাস্থ্যসেবা থেকে। শুধু এই দুটি অঙ্গরাজ্যেই নয়, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে পুরো দেশেরই এই চিকিত্সাকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। আর রিপাবলিকান পার্টি মনোনীত রমনির এই ঘোষণায় বিতর্কের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রের নারী সমাজে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রায় ৫০ লাখেরও বেশি নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পাস করা একটি আইনের ফলে চালু হয়েছিল দেশটির এই পরিবার-পরিকল্পনা কর্মসূচি। বছরে প্রায় ৫০ লাখ নারী এই স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে চিকিত্সা সেবা পান, যাঁদের বেশির ভাগই গরিব। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো শুধু জন্মনিয়ন্ত্রণ-সংক্রান্ত কাজই করে না, এখানে রক্তচাপ পরীক্ষা, স্তন ক্যানসার নির্ণয়, শিশুস্বাস্থ্য পরীক্ষাসহ আরও অনেক রকম স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে।তবে এই ধরনের সব কমিউনিটি স্বাস্থ্যসেবায় রাষ্ট্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিট রমনি। এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার নজির এখন দেখা যাচ্ছে অ্যারিজোনা ও টেক্সাস অঙ্গরাজ্যে।টেক্সাসের অধিবাসী মাইকেল অ্যাজ্জারো প্রায় ২০ বছর ধরে চিকিত্সা নিচ্ছেন এই স্বাস্থ্যকেন্দ্র থেকে। প্রতি বছর কোলেস্টেরোল পরীক্ষা থেকে শুরু করে স্তন ক্যানসার পর্যন্ত—সবকিছুরই চিকিত্সা তিনি এখান থেকে পেয়েছেন। কিন্তু গত বছর টেক্সাস অঙ্গরাজ্য সরকার আকস্মিকভাবে কমিয়ে দেয় এই সেবাকেন্দ্রগুলোর বরাদ্দ। যার ফলে এখন অনেক স্বাস্থ্যসেবা থেকেই বঞ্চিত হচ্ছেন অ্যাজ্জারো। শুধু তিনি একা নন, টেক্সাসের প্রায় এক লাখ ৬০ হাজার নারী এই স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। একই রকম পরিস্থিতির মুখে পড়েছেন অ্যারিজোনার বহু নারীও।তবে এতকিছুর পরও গত মার্চ মাসে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি এই প্ল্যানড প্যারেন্টহুড নামক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রাষ্ট্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত মোটেও ইতিবাচক ফলাফল বয়ে আনবে না বলে মনে করেন প্ল্যানড প্যারেন্টহুড অ্যাকশন ফান্ডের সভাপতি সেসিলে রিচার্ডস। তিনি বলেছেন, ‘নারীরা যখন প্ল্যানড প্যারেন্টহুডে আসে, তখন তাঁরা কোনো রাজনৈতিক বিবৃতি দেন না। আগামী নভেম্বরে যখন তাঁরা ভোট দেবেন, সেই সময়ই এটা দেখা যাবে।’ নিউজ উইক অবলম্বনে।