রমিজ রওশনের নাটুকে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে কখনো দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে, আবার কখনো কেন্দ্রীয় গণগ্রন্থাগারের বারান্দায়। কাগজ-কলম হাতে একা একা কথা বলতে বলতে কিছু একটা লিখে চলেছেন। কোনো এক চ্যানেলের জন্য ধারাবাহিক নাটক লিখতে একা একাই কথা বলছেন। অদৃশ্য কাউকে উদ্দেশ করে বলছেন নাটকের গল্পটা। কত পর্বের নাটক হবে, কোথায় শুটিং হবে, কে কে অভিনয় করবে—এসব নিয়ে একা একাই আলাপ করতে করতে কাগজে নোট নিচ্ছেন। তিনি মাঝেমধ্যে সিগারেট খাচ্ছেন, চা খাচ্ছেন।একা কথা বলা এই লোকটার নাম রমিজ রওশন। তাঁর সামনে কেউ এলে বিরক্ত হন। বলেন, ‘যান তো মিয়া, যান, নিজের কামে যান। আমি তো আপনারে বিরক্ত করি না, আপনি যান তো ভাই আমার সামনে থেকে।’ এতেও না সরলে প্রচণ্ড খেপে যান। ‘যান তো মিয়া ফাউল! আপনের জন্য কোনো ক্রিয়েটিভ কাজ করণ যাইব না।’ এই বলে রমিজ রওশন বসা থেকে উঠে পড়েন। গাল দিতে দিতে অন্যদিকে চলে যান। দিন কয়েক আগে দেখা গেল, বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের বারান্দায় বসে একা একা শিল্প-সাহিত্য নিয়ে আড্ডা মারছেন রমিজ রওশন। কখনো কখনো প্রচণ্ড হাসিতে ফেটে পড়ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের কেউ কেউ রমিজ রওশনকে চেনেন। তাঁদের কাছ থেকে জানা যায়, রমিজের গ্রামের বাড়ি কুষ্টিয়া অঞ্চলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কবিতা ও নাটক লিখতেন। কয়েক বছর আগে টিভি চ্যানেলে তাঁর কিছু নাটক প্রচারিত হয়েছে। এরপর একজন জনপ্রিয় নাট্যপরিচালকের জন্য ৫০ পর্বের একটি নাটক রচনা করেন। তাঁর জন্য রমিজ নিজেই প্রযোজনায় নামেন। রমিজের বড় ভাই রড-সিমেন্টের ব্যবসা করতেন খিলগাঁওয়ে। তাঁর কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে নাটকের জন্য খরচ করেন। প্রেমিকার কাছ থেকেও কয়েক লাখ টাকা নেন। একসময় তাঁর ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হয় টিভিতে। কয়েক পর্ব প্রচারের পর বন্ধ হয়ে যায়। সেখান থেকে তারপর আবার অন্য নামে অন্য চ্যানেলে সেই নাটক প্রচারিত হয়। লগ্নি করা টাকা ফেরত পাচ্ছিলেন না রমিজ। এ নিয়ে প্রথমে বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। টাকা নিয়ে প্রেমিকার সঙ্গেও বিরোধ বাধে রমিজের।টাকার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রথমে একা একা বিড়বিড় করে কথা বলতেন। এখন কথা বলেন স্বাভাবিক স্বরে, তবে একা একা। তাঁর নিজের জগৎটা পাল্টে গেছে। মাঝে বন্ধুবান্ধব ডাক্তারের কাছে নিয়ে গেছেন রমিজকে। তাতে কোনো কাজ হয়নি। এখন মাঝেমধ্যে বন্ধুবান্ধব টাকা-পয়সা দেন, তা দিয়ে খাওয়াদাওয়া করেন রমিজ। মাঝেমধ্যে উপোসও থাকতে হয় তাঁকে। নির্ঘুম সারা রাত চারুকলা অনুষদের বারান্দায় বসে নিজে নিজে কথা বলেন। ভাইকে আশ্বাস দেন, একদিন টাকা ফেরত দেবেন; প্রেমিকাকেও আশ্বাস দেন রমিজ।অঝোরধারার বৃষ্টির মধ্যে চারুকলার বারান্দায় গভীর রাতে মশা তাড়াতে তাড়াতে ধারাবাহিক নাটকের গল্প বলছেন রমিজ রওশন। কখনো পায়চারি করছেন; তাঁর দীর্ঘ ছায়া দেয়ালে নড়াচড়া করছে। ঠোঁটও নড়ছে। কথা বলছেন একা। তাঁর সামনে অদৃশ্য মানুষজন।