রমিজার কাছে নতুন বাড়ি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত রিকশাচালক মৃত হাসমত আলীর স্ত্রী রমিজার কাছে নতুন একটি পাকা বাড়ি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী।আজ বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী রমিজার হাতে প্রায় সাড়ে নয় লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন বাড়ির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন।মৃত হাসমত আলীর স্ত্রী রমিজা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আমাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা আমরা কোনো দিন ভুলতে পারব না। আপনার ঋণ আমরা কোনো দিনই পরিশোধ করতে পারব না।’ এ সময় প্রধানমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।প্রসঙ্গত, শেখ মুজিবুর রহমানের ভক্ত রিকশাচালক হাসমত আলী মৃত্যুর আগে ২০০৩ সালে তাঁর শেষ সম্বল দিয়ে ময়মনসিংহের গফরগাঁয়ের খাড়ুয়া বড়াইল গ্রামে শেখ হাসিনার নামে এক খণ্ড জমি কিনে রাখেন। পরে এই খবর সংবাদপত্রে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। পরে গত বছরের ১৭ জুলাই হাসমত আলীর স্ত্রী রমিজার সঙ্গে সাক্ষাত্ করেন প্রধানমন্ত্রী। তারপর ওই জমিতে রমিজার পরিবারের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনকে। এরই পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নয় লাখ ৪৬ হাজার ২৩৫ টাকা ব্যয়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একতলা একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। একই সঙ্গে হাসমতের কবরটিও পাকা করা হয়েছে।এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকী, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, বেশ কয়েকজন সাংসদ, আওয়ামী লীগের স্থানীয় নেতারা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাসস।