রমেশের ডায়েরি, বাজারের ফর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএনসি-লাভালিনের কর্মকর্তা রমেশ শাহের বহুল আলোচিত ডায়েরিকে ‘বাজারের ফর্দ’ বলে উল্লেখ করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। ডায়েরিতে ঘুষ দেওয়ার তালিকায় ছয়জনের নাম থাকার সংবাদ প্রকাশের পর তিনি বললেন, ‘ওই ডায়েরিতে বাংলাদেশের কাকে কত টাকায় কেনা যাবে, সেই তালিকা করা হয়েছে। ওই তালিকা আমাদের তদন্তের বিষয়বস্তু নয়।’ যদিও এই ডায়েরির সূত্র ধরেই কানাডায় রমেশ শাহের বিচার চলছে।গতকাল রোববার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘পদ্মায় ১২ শতাংশ ভাগাভাগি’র বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম রহমান এ মন্তব্য করেন। রমেশের ডায়েরিকে ব্যক্তিগত উল্লেখ করে তিনি আরও বলেন, রমেশের ওই ডায়েরিতে তাঁর ব্যক্তিগত বিষয় লেখা ছিল। যাঁকে যাঁকে অর্থ দেওয়ার ইচ্ছা ছিল, তাঁদের নাম লিখেছেন। ওই লেখাকে গুরুত্ব না দিয়ে, বাংলাদেশের লোকের সংশ্লিষ্টতা খুঁজে দেখা দরকার।তদন্তপ্রক্রিয়া প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের তদন্তে রমেশের ডায়েরির অর্থের অঙ্ক নিয়ে মাথা ঘামানোর কারণ নেই। আমাদের দেখতে হবে, রমেশ যাঁকে যে দামে কিনতে চাচ্ছিলেন, তাঁরা সে দামে বিক্রি হয়েছিলেন কি না।’ এ সময় তিনি সাংবাদিকদের মনে করিয়ে দেন, খোদ বিশ্বব্যাংকও বলেছে, এ ক্ষেত্রে কোনো অর্থের লেনদেন হয়নি।কানাডার আদালতের সাম্প্রতিক শুনানির বিষয়ে কোনো তথ্য পাননি দাবি করে গোলাম রহমান বলেন, ‘বিশ্বব্যাংক বা কানাডার কোনো সূত্রের মাধ্যমে দুদক এখনো তা হাতে পায়নি।’দুদকের তদন্তের বিষয়টি সুষ্ঠু উপায়ে করা হচ্ছে উল্লেখ করে গোলাম রহমান বলেন, তদন্তে নির্দোষ ব্যক্তিরা অভিযোগপত্র থেকে বাদ পড়বেন, আর দোষীরা অভিযোগপত্রে অবশ্যই অন্তর্ভুক্ত হবেন। দুদকের নিজস্ব আইনে চলা এ তদন্তে রাজনীতিবিদ বা আমলা সবাই সমান।