রশিদপুর গ্যাসক্ষেত্রে সাড়ে তিন টিসিএফ গ্যাসের সন্ধান
রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি-বাপেক্স রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন করে প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের সন্ধান পেয়েছে। এর মধ্যে এক টিসিএফ উত্তোলনযোগ্য (পি-১ বা নিশ্চিত শ্রেণীভুক্ত)। বাকি আড়াই টিসিএফ গ্যাস সম্ভাব্য (পি-২ শ্রেণীভুক্ত)।একদল তরুণ পেশাজীবীর সমন্বয়ে গঠিত বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপকারী দলের (থ্রি-ডি সাইসমিক সার্ভে টিম) জরিপে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পেট্রোবাংলার কার্যালয়ে সরকারি নীতিনির্ধারক ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সামনে এ ফলাফল উপস্থাপন করা হয়। বিকেল তিনটায় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে এই তথ্য জানান।নতুন এই গ্যাস পাওয়ার পর রশিদপুর গ্যাস ক্ষেত্রের নিশ্চিত উত্তোলনযোগ্য ও সম্ভাব্য মিলে মোট মজুদ দাঁড়িয়েছে ৫ দশমিক ২ টিসিএফ। এখন পর্যন্ত দেশের একক কোনো ক্ষেত্রে গ্যাসের সর্বোচ্চ মজুদ এটাই। অর্থাত্ বাপেক্সের জরিপে নতুন গ্যাসের সন্ধান পাওয়ার পর রশিদপুরই দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র। মজুদের হিসাবে এখন পর্যন্ত এর পরে আছে বিবিয়ানা (প্রায় সাড়ে চার টিসিএফ) এবং তিতাস (প্রায় পাঁচ টিসিএফ অনুমিত)।বাপেক্স সূত্র জানায়, তাদের ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে ৩২৫ বর্গ কিলোমিটার আয়তনের গ্যাস ক্ষেত্রটিতে নতুন দুটি সম্ভাবনাময় গ্যাসের স্তর আবিষ্কৃত হয়েছে। ১৬টি সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করা গেছে, যেখানে গ্যাসের স্তর বিদ্যমান। এসব স্থানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তিনটি অনুসন্ধান কূপ ও ছয়টি উন্নয়ন কূপ খনন করা যাবে। এর মধ্যে ক্ষেত্রটির পশ্চিমাংশে তিনটি কূপ খনন করে এক বছরের মধ্যে প্রায় ছয় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব।সূত্রগুলো জানায়, বর্তমানে দেশে যে হারে গ্যাস ব্যবহার করা হচ্ছে, তাতে এক টিসিএফ গ্যাস দিয়ে এক বছরেরও বেশি সময় সারা দেশের চাহিদা মেটানো সম্ভব। আর এক টিসিএফ গ্যাসের সরকার-নির্ধারিত হ্রাসকৃত দাম ১০ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক বাজারমূল্য আরও কয়েকগুণ বেশি।সরকার এই পাঁচটি ক্ষেত্রের কাজ শেষে বাপেক্সের ওই জরিপ দলকে আরও সাতটি নতুন গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে। ওই সাতটি ক্ষেত্র হচ্ছে সুন্দলপুর, বেগমগঞ্জ, সুনেত্র, ফেঞ্চুগঞ্জ, সালদানদী, সেমুতাং ও ভোলার শাহবাজপুর। ২০১৩-১৬ সালের মধ্যে তারা ক্ষেত্র ছয়টির মোট এক হাজার ৮৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ কাজ দ্রুততর করতে আগামী বছরের শেষ নাগাদ ত্রিমাত্রিক জরিপ দলের দুটি ইউনিট গঠন করা হবে।